নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার পুলিশের আরও নয়জন কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেছে৷
এসব কর্মকর্তা হলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাকারিয়া, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, সহকারী পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) আজীম উল আহসান, সহকারী পুলিশ সুপার (‘খ’ অঞ্চল) জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ও বন্দর থানার ওসি আখতার মোর্শেদ। তাঁদের মধ্যে অতিরিক্তি পুলিশ সুপার শহীদুলকে সাত খুনের ঘটনার পর এ জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে৷
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিটি গতকাল বিকেলে জেলা সার্কিট হাউসে এসব পুলিশ কর্মকর্তার বক্তব্য গ্রহণ করেন৷ তদন্ত কমিটি এর আগে পুলিশের আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছিল৷
সাক্ষ্য গ্রহণকালে তদন্ত কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান আলী মোল্লার সঙ্গে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন ও বিচার বিভাগ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার উপস্থিত ছিলেন৷