সোনালী ব্যাংক থেকে হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা আরও নয়টি মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই নয়টি মামলার বিচারকাজ শুরু হলো। আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপালসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে মামলাগুলো নিষ্পত্তির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১-এ পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
হল-মার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা অপর দুই মামলায় গত ১৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত।
গতকাল অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা জেসমিন ইসলাম ও মানিকগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন। হল-মার্কের তানভীর মাহমুদ ও তুষার আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, দুই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মোহাম্মদ সফিজ উদ্দিন আহমেদকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এদিকে সোনালী ব্যাংকের জিএম ননী গোপাল নাথ, এজিএম মো. সাইফুল হাসান, এক্সিকিউটিভ অফিসার মো. আবদুল মতিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ২০১২ সালে ৩৮টি মামলা করা হয়। এর মধ্যে তদন্ত শেষে ২০১৪ সালে ১১টি মামলায় অভিযোগপত্র দেয় দুদক। গত ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। এগুলোর মধ্যে ১৭ ফেব্রুয়ারি দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়। গতকাল বাকি নয়টি মামলায় অবৈধভাবে অর্থ লেনদেন ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪২০/৪০৯, ১২১ ও ১০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়।
দুদকের আরেক আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এই মামলাগুলোতে মোট আসামি ২০ জন। তাঁদের মধ্যে অনেকের নাম একাধিক মামলায় রয়েছে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক হোটেল শেরাটন) শাখার উপমহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানসহ দুজন মারা যাওয়ায় আসামির তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।
হল-মার্কের পক্ষে মামলা পরিচালনা করেন এহসানুল হক সমাজী। তিনি প্রথম আলোকে বলেন, আসামিপক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন আদালত নাকচ করে দেন। অভিযোগ গঠনের আদেশের অনুলিপি পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।
দুদকের সূত্র বলেছে, হল-মার্কসহ ছয়টি কোম্পানি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ৩ হাজার ৫৬৯ কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে সোনালী ব্যাংকের পরিশোধ করা ফান্ডেড ১ হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর তানভীর মাহমুদ, জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ব্যাংকটির রূপসী বাংলা হোটেল শাখার এ কে এম আজিজুর রহমানসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করে দুদক।