চট্টগ্রামের সন্দ্বীপে গত রোববার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার করা হলো। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও নয়জন। সন্দ্বীপ উপজেলা প্রশাসন এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটার এলাকা থেকে এসব লাশ উদ্ধার করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও স্থানীয় লোকজন।
গতকাল যাঁদের লাশ উদ্ধার করা হয় তাঁরা হলেন সন্দ্বীপের পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলম, সেনেরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওসমান, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তানজীম মোহাম্মদ জোবায়েদ, ওষুধ কোম্পানি ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধি ঝিনাইদহের মো. কামরুজ্জামান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শামসুল আলম, সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের হাফিজ উল্লাহ ও মাকছুদুর রহমান, কাছিয়াপাড় এলাকার মাঈন উদ্দিন ও বাউরিয়ার নিজাম উদ্দিন।
গত রোববার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সি-ট্রাক থেকে যাত্রী তুলে দেড় শ গজ দূরে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় একটি যাত্রীবাহী নৌকা উল্টে যায়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় ৩০ জনকে উদ্ধার করা হয়। সি-ট্রাকে করে কয়েক শ যাত্রী চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিলেন। সি-ট্রাক ঘাটে ভিড়তে না পারায় দেড় শ গজ দূরে নোঙর করে নৌকার মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম জাকারিয়া প্রথম আলোকে বলেন, উদ্ধার করা নয়টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে কার্যত উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। যে লাশগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো সাগরের তীরে ভেসে আসে। এরপর লাশগুলো স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন এসব লাশ গুপ্তছড়া ঘাটে এনে স্বজনদের কাছে হস্তান্তর করে।
এখনো নিখোঁজ নয়জন: উপজেলা প্রশাসন জানায়, নৌকাডুবির ঘটনায় নিখোঁজনয়জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা হলেন সন্দ্বীপের মাসুদ মো. আজিজ, নিজাম মোস্তফা, মো. হাসান, সামান্তা, রাবিয়া আক্তার, মুছাপুরের মুসলিম উদ্দিনের দুই সন্তান তাহসিন (৯) ও নিহা (৪), স্কুলশিক্ষক আনোয়ার হোসেন এবং কিশোরগঞ্জের হারুন উর রশীদ।