আরও পশুর হাট চায় ডিএনসিসি
রাজধানীতে পবিত্র ঈদুল আজহার আগে আরও তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য স্থানীয় সরকার বিভাগের অনুমতি চেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার বিভাগকে পাঠানো চিঠিতে এই অনুরোধ জানানো হয়েছে।
গত বছর কয়েকটি এলাকায় কোরবানির অস্থায়ী পশুর হাট বসানোর কারণে রোগী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছিল। সে জন্য এবার পাঁচটি অস্থায়ী হাটের স্থান বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আগারগাঁও বস্তির খালি জায়গা, উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারিধারা জে ব্লকের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ-সংলগ্ন খালি জায়গা এবং বনানী রেলস্টেশন-সংলগ্ন খালি জায়গার অস্থায়ী হাট।
উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো চিঠিতে এসব স্থানে অস্থায়ী হাট বাদ দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, এসব হাট বন্ধ করায় নগরবাসীর কোরবানির পশুর চাহিদা পূরণে নতুন হাট স্থাপন অত্যন্ত জরুরি। সিটি করপোরেশনের কর্মকর্তারা রায়েরবাজার কবরস্থান-সংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের উন্মুক্ত জমিতে অথবা পূর্বাচলের দিকে ৩০০ ফুট প্রশস্ত সড়কের পাশে বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও এর কাছে খালি জমিতে এবং উত্তরার ১৫ ও ১৬ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৃতীয় প্রকল্পের খালি জমিতে অস্থায়ী হাট বসানোর প্রস্তাব করেছেন। সরেজমিন তদন্ত করে এসব স্থান বিবেচনায় আনা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, মহানগরে জনসাধারণের চলাচলের স্বাভাবিকতা রক্ষা করতে মহানগর পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শহরের বাইরে কিছু স্থানে পশুর হাটের অনুমতি দেওয়া জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে সহযোগিতা করতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করা হয়েছে।
এদিকে রেললাইনের কাছাকাছি ফাঁকা রেলভূমি বা রেলওয়ের মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহাসড়ক ও সড়কপথে যাতে পশুর হাট না বসে, সে জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনদুর্ভোগ এড়াতে রাজধানীর ব্যস্ত স্থানগুলোতে কোরবানির অস্থায়ী পশুর হাট না বসানোর জন্য ঢাকার দুই মেয়রকে অনুরোধ করেছে পুলিশ। এ ছাড়া নিরাপত্তার জন্য এসব হাটে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও বাণিজ্যিক ব্যাংকের বুথ অথবা এটিএম বুথ রাখতেও বলা হয়েছে।
গত বছর রাজধানীতে মোট ২২টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছিল। এর মধ্যে কয়েকটি হাটের কারণে মানুষের চলাচল বিঘ্নিত এবং যানজটের সৃষ্টি হয়।
এ বছর রাজধানীতে ২০টি অস্থায়ী পশুর হাটের পরিকল্পনা নিয়েছিল দুই সিটি করপোরেশন। পরে পুলিশসহ বিভিন্ন সংস্থার আপত্তিতে এবং যাচাই-বাছাই করে কয়েকটি বাদ দিয়ে ১৭টি হাট বসানোর সিদ্ধান্ত হয়। গাবতলী পশুর হাটটি স্থায়ী হওয়ার কারণে অস্থায়ী হাট হিসেবে ইজারায় আসেনি। ১৬টি হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করে দুই সিটি করপোরেশন। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের হাট ১০টি এবং উত্তর সিটি করপোরেশনের হাট ছয়টি। উত্তর সিটি করপোরেশনের দরপত্র গ্রহণের শেষ দিন ছিল গত ১১ আগস্ট এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১২ আগস্ট। দরপত্র বাছাই করে দেখা গেছে, বেশির ভাগ হাটের জন্য দর পড়েছে গতবারের চেয়েও কম।