আরও পাঁচ জঙ্গি গ্রেপ্তার, গুলি ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরও পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের তথ্যের ভিত্তিতে গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচ জঙ্গি হলেন আল আমিন, গোলাম সারোয়ার ওরফে রাহাত, আজমীর ওরফে অমিত, জিয়াউল ইসলাম ওরফে জিতু এবং রুহুল আমিন ওরফে রাজু।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে রাকিব হাসানসহ তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। এ নিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মোট ১২ জন গ্রেপ্তার হলেন। এর আগে গ্রেপ্তার হওয়া রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হন।
পাঁচ জঙ্গি গ্রেপ্তার নিয়ে গতকাল দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফ্রিংয়ের আয়োজন করে পুলিশ। এতে বলা হয়, জঙ্গিদের গ্রেপ্তারের পর মালামাল উদ্ধারে ঢাকা রেঞ্জ সহায়তা করেছে।
ব্রিফ্রিংয়ে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক ও ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল নগরের হাতিরঝিল এলাকা থেকে জেএমবি সদস্য আল আমিন, রাহাত, আজমীর ও জিতুকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়নসিংহের ত্রিশালের জঙ্গিদের দুটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি কম্পিউটার, সাড়ে চার কেজি বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার মানচিত্র উদ্ধার করা হয়। পরে এদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে বাড্ডা এলাকা থেকে জঙ্গি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন ও ঢাকা রেঞ্জের পুলিশ এসব অভিযানের নেতৃত্ব দেন।
ডিবির এডিসি ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা জিজ্ঞাসাবাদে জানায়, প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৫ জন অংশ নেয়। এ পরিকল্পনার অংশ হিসেবে তারা দেশের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি সংগ্রহ করে। এ ছাড়া দুটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি কার, চারটি মোটরসাইকেল, কৌশলগত বোমা, নয়টি বিদেশি অস্ত্রও জোগাড় করে তারা। তিনি জানান, মিরপুরের কল্যাণপুর, বাড্ডার সাতারকুলসহ রাজধানীর তিনটি স্থানে রাহাত ও আজমীরের পোশাক কারখানা আছে। এসব প্রতিষ্ঠানের আয় সহযোগী জঙ্গিদের দেওয়া হয়। এর বাইরেও তারা হুন্ডি ব্যবসা, ছিনতাই, অপহরণ ও জালমুদ্রা তৈরি করে।
পুলিশ কর্মকর্তারা জানান, পলাতক জঙ্গি সালেহীন, বোমারু মিজান ও জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ঢাকা রেঞ্জ ও ডিবির যৌথ অভিযান চলছে। পলাতক জঙ্গি সালেহীন ও বোমারু মিজানকে ধরিয়ে দিতে ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান, সালাউদ্দিন সালেহীন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বোমারু মিজানকে প্রিজন ভ্যানে ময়মনসিংহের একটি আদালতে নেওয়া হচ্ছিল। ময়মনসিংহের ত্রিশালে পৌঁছার পর প্রিজন ভ্যানের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়ে জঙ্গি হাফেজ মাহমুদ, সালেহীন ও বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ ঘটনায় পুলিশের সদস্য এক নিহত হন।