তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় গ্রেপ্তার এক আসামিকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাঁকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফা প্রথম দফার জিজ্ঞাসাবাদে অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এ কারণে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার গোলাম মোস্তফাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াও বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করতে তিনি আদালতের কাছে আবেদন করেন। পরে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি মোস্তফা পাঁচ দিনের রিমান্ডে বিভ্রান্তিকর কী তথ্য দিয়েছেন, তদন্তের স্বার্থে তা জানাতে চাননি মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান।
গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি জব্দ করার পর গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ জুন তাঁকে প্রথম দফার রিমান্ডে নেওয়া হয়। এই মামলায় গ্রেপ্তার আরও তিন আসামিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁরা হলেন মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইন লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদ ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। ৩০ জুন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।