আরও পাঁচ মামলার অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উ খি য়া র বৌ দ্ধ ম ন্দি রে হা ম লা
উ খি য়া র বৌ দ্ধ ম ন্দি রে হা ম লা

কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ- মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা আরও পাঁচ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ২০ অক্টোবর উখিয়া থানার পুলিশ কক্সবাজার বিচারিক হাকিম আদালতে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করে।
মামলায় উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের নেতা শাহজালাল চৌধুরী, তাঁর ছোট ভাই ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরীসহ ১৬১ জনকে অভিযুক্ত করা হয়। আদালতের পুলিশ পরিদর্শক মিজবাহ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর রামু, উখিয়া, কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলার বৌদ্ধ মন্দির ভাঙচুর ও হামলার পৃথক সাতটি মামলায় ২৬৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহামঞ্চদ ফারুক প্রথম আলোকে বলেন, নানা ব্যস্ততায় অভিযোগপত্রের কথা বলা হয়নি। বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় আরও সাত মামলার অভিযোগপত্র দেওয়া বাকি আছে। আগামী এক সপ্তাহের মধ্যে রামুর তিনটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া দুই ভাই শাহজালাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতারাই পরিকল্পিতভাবে বৌদ্ধ মন্দিরে হামলা চালিয়ে উল্টো বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। সময় এলে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করা হবে।
কক্সবাজার আদালতের পুলিশ ইন্সপেক্টর মিজবাহ উদ্দিন বলেন, গত ১ সেপ্টেম্বর উখিয়ার আরও দুটি মামলায় ৫৪ জন, রামুর একটিতে ৩৮ জন, সদর উপজেলার দুটিতে ৬০ জন এবং পরের দিন ২ সেপ্টেম্বর টেকনাফের দুটি মামলায় ১১২ জনকে আসামি করে আদালতে সাত মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। গত বছরের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রামুর ১২টি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ করে। পরদিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফের আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় প্রায় ১৫ হাজার লোকের বিরুদ্ধে ১৯টি মামলা করা হয়।