আরও পাঁচ লাখ শ্রমিক নিতে চায় সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আরও পাঁচ লাখ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব। গত রোববার রাতে জেদ্দায় রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফরেজ বিন সাদ আল-হাকবানি।
বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সৌদি শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, ‘বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবে সুনামের সঙ্গে কাজ করছেন। প্রায় ৪২ হাজার নারী শ্রমিকও এখানে গৃহকর্মীর কাজ করছেন। আমরা বাংলাদেশ থেকে আরও পাঁচ লাখ জনশক্তি নিতে আগ্রহী।’ এ ছাড়া বাংলাদেশ থেকে চিকিৎসক, শিক্ষক ও প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যও সৌদি আরবের রয়েছে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী।
বৈঠকে শেখ হাসিনা ও মুফরেজ বিন সাদ আল-হাকবানি জনশক্তি রপ্তানি ও নিয়োগের ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম৵ কমানোর ব্যাপারে একমত হন বলেও জানান ইহসানুল করিম।
বৈঠকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরবের আরও বিনিয়োগ প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ রাজধানীর চারপাশে চক্রাকারে সড়কপথ, রেলপথ ও নৌপথ তৈরি প্রকল্পেও বিনিয়োগ করতে পারে।’
এর আগে রয়েল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি সহকারী প্রতিরক্ষামন্ত্রী মো. আবদুল্লাহ এলায়েসার। এ সময় তিনি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সকালে জেদ্দা থেকে মদিনায় পৌঁছেছেন। স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরের রয়েল লাউঞ্জে তাঁকে অভ্যর্থনা জানান মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। এরপর বিমানবন্দর থেকে একটি মোটর শোভাযাত্রায় করে প্রধানমন্ত্রীকে মদিনা হিলটনে নিয়ে যাওয়া হয়। মদিনায় তিনি সেখানেই অবস্থান করবেন।
মদিনা হিলটন থেকে পরে প্রধানমন্ত্রী মসজিদে নববিতে জোহরের নামাজ আদায় করেন। একই মসজিদে আসর, মাগরিব ও তারাবির নামাজ আদায় এবং মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করার কথা ছিল তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রয়েছেন তাঁর সঙ্গে। পাঁচ দিনের এ সফর শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার উদ্দেশে মদিনা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।