আরও পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরও পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। রাজধানীর মহাখালীতে সেবা পরিদপ্তরের নিজস্ব ভবন ও একই এলাকায় নার্সদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নার্স সমাবেশ-২০১১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তরিকভাবে সেবা দেওয়া হলে রোগী অর্ধেকটা ভালো হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ওষুধের চেয়ে সেবা বেশি কাজে লাগে। নার্সদের মমতা দিয়ে রোগীকে সেবা দিতে হবে। রোগীকে ধমক দিলে চলবে না। তিনি নার্সদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসক চিকিৎসা দিয়ে যা পারেন না, সেখানে একজন দক্ষ নার্স রোগীকে সেবা দিয়েই সুস্থ করে তুলতে পারেন। শেখ হাসিনা বলেন, নার্সিং পেশার প্রতি যথাযথ সম্মান জানানোর জন্যই তাঁদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এর পাশাপাশি নার্সিং পেশাকে যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশেই নয়, বিদেশেও নার্সের প্রচুর চাহিদা রয়েছে। তাই মানসম্পন্ন পেশাদার নার্স তৈরি করা গেলে তাঁদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। উচ্চতর প্রশিক্ষণের জন্য এ পর্যন্ত ১৮৭ জন নার্সকে বিদেশে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, নার্সিং প্রতিষ্ঠানগুলোতে নার্সিং শিক্ষার্থী দ্বিগুণ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিশেষায়িত রোগের সেবায় প্রশিক্ষণের জন্য বেশ কিছু নার্স দেশের বাইরে পাঠানো হয়েছে। নার্সিং কলেজে ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেবার মান বাড়াতে চিকিৎসক ও নার্সের সংখ্যা আনুপাতিক হারে বাড়াতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি সাবিনা শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন।