২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মাওলানা আবু তাহেরসহ আরও পাঁচজন আসামি আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে তাঁরা আদালতে ন্যায়বিচার দাবি করেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গতকাল সোমবার এই পাঁচজনের বক্তব্য গ্রহণ করেন। আজ মঙ্গলবার বাকি আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য আছে। এ নিয়ে কারাগারে আটক ২৩ জন ও জামিনে থাকা ৮ জন আসামির মধ্যে গতকাল পর্যন্ত ১৬ জন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করলেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার বিচারকাজ চলছে।
মাওলানা আবু তাহেরসহ গতকাল আদালতে যে পাঁচজন আসামি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করেন, তাঁদের মধ্যে অপর চারজন হলেন আবু জান্দাল, রফিকুল ইসলাম ওরফে সবুজ, আরিফ হাসান ওরফে সুমন ও হোসেন মোহাম্মদ তামিম। এই পাঁচ আসামিই আদালতে লিখিত বক্তব্য জমা দেবেন বলে জানান। পরে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ মামলার ৫২ জন আসামির মধ্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের এ মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।