পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা জব্দ তালিকার সাক্ষী।
ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গতকাল এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। ১১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সাক্ষ্য গ্রহণের আগে নিহত মাহফুজ-স্বপ্না দম্পতির মেয়ে ঐশী রহমানসহ তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহ আলম তালুকদার প্রথম আলোকে বলেন, মামলার আলামত জব্দ তালিকার সাক্ষী পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের ও শহিদুল্লাহ, সহকারী উপপরিদর্শক (এএসআই) তবিবুর রহমান, কনস্টেবল শহিদুল্লাহ ও মাহবুব গতকাল আদালতে সাক্ষ্য দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বঁটি, রক্তমাখা লুঙ্গি, বিছানার চাদর, ঐশীর ব্যবহৃত কাপড়চোপড় ও স্বর্ণালংকার আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হয়। সাক্ষীরা এসব শনাক্ত করেন।
এ হত্যা মামলায় এ নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে ১০ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাঁদের মেয়ে ঐশী রহমান গৃহকর্মী খাদিজা আকতার ওরফে সুমীকে নিয়ে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তদন্ত শেষে চলতি বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে একটি এবং গৃহকর্মী খাদিজার বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।