আরও পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল বুধবার আরও পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। এদিকে ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ২ ও ৫ ফেব্রুয়ারি পাঁচ দিনে বাকি ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, গতকাল যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাঁরা হলেন কুনিওর সঙ্গে সখ্য থাকা ব্যক্তি কাজী ইবনে নূর অনতু, যে বাড়ির সামনে হত্যাকাণ্ড হয়েছে সেই বাড়ির গৃহকর্ত্রী নূরজাহান বেগম, যেখানে ঘটনা ঘটেছে সে এলাকার বাসিন্দা নূরুল হক, শহরের বাসিন্দা আবদুল আজিজ ও অটো ব্যবসায়ী জসিমউদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী গত বছরের ৩ জুলাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন অব বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।