সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে আরও পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।
পানিতে ডুবে গেছে বোরো ধানের খেত। ভেসে গেছে পাঁচ শতাধিক চিংড়িঘের। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। পাউবো, স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে গতকাল সোমবার থেকে বাঁধ মেরামতের চেষ্টা চলছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বুড়িগোয়ালিনী ও আঠুলিয়া ইউনিয়নের সংযোগস্থল আড়পাঙ্গাশিয়া-মাদিয়া এলাকার খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধের ৫০০ থেকে ৬০০ ফুট বিলীন হয়ে গেছে। গত রোববার রাতে বাদুড়িয়া, ভড়ভড়িয়া ও সোমালিয়া হাওয়ালভাঙ্গি গ্রাম প্লাবিত হয়েছে। চিংড়িঘের ভেসে গেছে। ডুবে আছে ধানখেত। অধিকাংশ বাড়ির আঙিনা ডুবে আছে পানিতে। বেড়িবাঁধ মেরামতের জন্য ভাটার সময় বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে।
উপজেলার আঠুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ জানান, বাঁধ ভেঙে তাঁর ইউনিয়নে নতুন করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এর আগে রোববার সাতটি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক চিংড়িঘের ভেসে গেছে। বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দু-তিন দিনের মধ্যে বাঁধ মেরামত না করা গেলে পানি কালীগঞ্জ উপজেলা পর্যন্ত চলে যাবে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তিন শতাধিক চিংড়িঘের ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে আড়পাঙ্গাশিয়া এলাকার ১৫ বিঘার ধানখেত। ইতিমধ্যে এক হাজার মানুষ বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু প্রবল জোয়ারে কাজ করা যাচ্ছে না।
উপজেলা পাউবোর শাখা কর্মকর্তা (এসও) নিখিল দত্ত জানান, গতকাল সকাল থেকে বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় বুড়িগোয়ালিনী ও আঠুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রায় এক হাজার লোককে কাজে লাগিয়েছেন। পাউবোর পক্ষ থেকে এক হাজার বস্তা, এক হাজার বাঁশ ও এক শ কেজি পেরেক সরবরাহ করা হয়েছে। প্রাথমিকভাবে দুই পাশে বাঁশ দিয়ে পাইলিং করা হচ্ছে। আজ মঙ্গলবার মূল ভাঙনকবলিত স্থান মেরামতের চেষ্টা করা হবে।