আরও পাঁচটি গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাঘট নদীর পানির চাপে গাইবান্ধা সদর উপজেলার কোনারপাড়া এলাকায় সোনাইল বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে আরও পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
গ্রামগুলো হচ্ছে সদর উপজেলার ফলিয়া, কিশামত ফলিয়া, কয়াছয়ঘরিয়া, ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ও সমিতির বাজার। এসব গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন সড়কের ধারে আশ্রয় নিয়েছে। এসব গ্রামের প্রায় দেড় হাজার হেক্টর জমির রোপা আমন ও শাকসবজি খেত তলিয়ে গেছে।
গতকাল বুধবার বন্যার পানিতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার কদমেরতল থেকে ফারাজিপাড়া পর্যন্ত এক কিলোমিটার অংশ ডুবে গেছে। ফলে জেলা শহরের সঙ্গে সদর উপজেলার চারটি ইউনিয়ন ও সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া জানান, গতকাল ব্রহ্মপুত্র নদের পানি কমলেও বিপৎসীমার ২৮ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি অপরিবর্তিত থাকলেও বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া গতকাল করতোয়া ও তিস্তা নদীর পানি আরও কমেছে।
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। সরকারি হিসাবে এবারের বন্যায় জেলার সাতটি উপজেলার মোট ৮২টি ইউনিয়নের মধ্যে ৬৬টি ইউনিয়ন প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪ লাখ ৪৭০ জন মানুষ।
গত দুই সপ্তাহ ধরে জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করলেও কবলিত এলাকায় পর্যাপ্ত সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে না বলে ওই এলাকার মানুষ অভিযোগ করে।
তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান দাবি করেন, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত সাতটি উপজেলায় ৫৬০ মেট্রিক টন চাল ও ১৪ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
তিনি প্রথম আলোকে জানান, আরও ১০০ মেট্রিক টন চাল, ২ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।