ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার পোর্টসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল শনিবার আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ১৬টি লাশ উদ্ধার করা হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে একে একে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে লাশগুলো ভেসে উঠতে থাকে। পুলিশ এসব লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে স্বজনেরা লাশ শনাক্ত করেন। লাশগুলো লালবাগের বাসিন্দা আবদুস সামাদ (৩৫), ঝন্টু (২০), জালাল (৫২), কাজল মিয়া (২৪), আসাদ (৩০) ও একই এলাকার আবদুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিবুর রহমানের (১০)।
গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের একটি মেলা থেকে ঢাকায় ফেরার পথে বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী জাহাজের (বাল্কহেড) ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ওই দিন এক নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার করা হয় আরও তিনজনের লাশ।
কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তহবিল থেকে জেলা প্রশাসন ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গত বুধবার মেঘনায় বাল্কহেডের ধাক্কায় অপর ট্রলারডুবির ঘটনায় গতকাল চতুর্থ দিনে কোনো লাশ উদ্ধার হয়নি। এর আগে ছয়টি লাশ উদ্ধার করা হলেও দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। অন্য চারটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনায় ফয়েজসহ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফয়েজ এবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এম এ আক্তার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
এ দুর্ঘটনায় বাল্কহেডের মালিক ও চালককে আসামি করে গজারিয়া থানায় গত শুক্রবার রাতে মামলা করেছে পুলিশ। তবে গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।