আরও প্রায় ১২ হাজার পাঠ্যবই সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাঁচ উপজেলায় চলতি শিক্ষাবর্ষের নবম শ্রেণির পাঠ্যপুস্তকের ঘাটতি থাকা ছয়টি বিষয়ের ১২ হাজার ১৮০ কপি বই গত সোমবার সরবরাহ করা হয়েছে। বইয়ের চাহিদা ছিল ২৭ হাজার ৩৩৯ কপি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিতরণ ও নিয়ন্ত্রণ বিভাগ থেকে উল্লিখিতসংখ্যক পাঠ্যবই লালমনিরহাট জেলা শিক্ষা কার্যালয়ের অনুকূলে সরবরাহ করা হয়। এ বছর লালমনিরহাটে নবম শ্রেণির ছয়টি বিষয়ের প্রায় ২৯ হাজার কপি কম এবং তিনটি বিষয়ের প্রায় ২১ হাজার কপি অতিরিক্ত পাঠ্যবই সরবরাহের ঘটনা নিয়ে গত ১৪ মার্চ প্রথম আলোতে ‘লালমনিরহাটে পাঠ্যবই সরবরাহে হেরফের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ঘাটতি পূরণে গতকাল ছয় বিষয়ের মধ্যে চার বিষয়ের বই সরবরাহ করা হয়।
শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের ১০ হাজার ৫৪৬ কপি বইয়ের চাহিদার বিপরীতে ৭ হাজার ২৭০ কপি, সাধারণ বিজ্ঞান বিষয়ের ৩ হাজার ৪৫১ কপির বিপরীতে মাত্র ১১০, কৃষিশিক্ষা বিষয়ের ১১ হাজার ৮৩৭ কপির বিপরীতে ৩ হাজার ৯৮৫ এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ হাজার ৫০৫ কপি বইয়ের চাহিদার বিপরীতে মাত্র ৩২০ কপি সরবরাহ করা হয়েছে। তবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের চাহিদানুযায়ী ২৪৫ এবং রসায়নের ২৫০ কপি বইই দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন নবম শ্রেণির শিক্ষার্থীদের আরও ১২ হাজার ১৮০টি বই পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এখনো ওই ছয়টি বিষয়ের ১৫ হাজার ১৫৯ কপি বইয়ের চাহিদা রয়েছে। রংপুর বিভাগের অন্যান্য জেলা থেকে এসব বই সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ বইগুলো সংগ্রহ ও বিতরণ করা যাবে, তা জানাতে পারেননি তিনি। এ ছাড়া চাহিদার অতিরিক্ত প্রায় ২১ হাজার বই সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান শিক্ষা কর্মকর্তা।