আরও বিনিয়োগে ডেনমার্ককে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, সামুদ্রিক মৎস্য, অবকাঠামো উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প এবং হিমায়িত খাদ্যের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ককে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত হ্যান ফুজি এসকজায়ের গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।
বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্ল্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অধিক ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রতিকূল প্রভাব মোকাবিলা করতে ডেনমার্ক সবুজ প্রযুক্তি (গ্রিন টেকনোলজি) দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে। তিনি বলেন, ডেনমার্কের উন্নয়ন সহায়তাবিষয়ক সংস্থা ‘ড্যানিডা’ বাংলাদেশে দারিদ্র্য হ্রাস, কৃষি, মৎস্য, নৌপরিবহন, পানি সরবরাহ ও স্যানিটেশন, সমন্বিত পল্লি উন্নয়ন এবং গণশিক্ষায় সহায়তা দিচ্ছে।