রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ শাকসবজির দাম আরও বেড়েছে। গত সপ্তাহে শুরু হওয়া সবজির দামের এই ঊর্ধ্বগতির ধারা গতকাল শুক্রবারও বিভিন্ন বাজারে দেখা গেছে। এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম।
হঠাৎ করে মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বললেন, শীত শেষ। তাই শীতকালীন সবজির সরবরাহ কমে গেছে। সবে উঠতে শুরু করা গ্রীষ্মকালীন সবজির সরবরাহও যথেষ্ট নয়। সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম বেশি। ফলে কাঁচাবাজারেও দাম বেশি।
সাপ্তাহিক ছুটির দিনে কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের সপ্তাহে প্রতি কেজি পটোল ৮০ টাকায় বিক্রি হলেও গতকাল ছিল ১২০ টাকা। ঢ্যাঁড়স কেজিতে ২০ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা। করলার দামও ২০ টাকা বেড়েছে। শিম, টমেটো, বেগুন, আলু, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, পেঁপে, শসাসহ আরও কয়েকটি সবজির দাম কেজিতে দুই থেকে ১০ টাকা বেড়েছে।
মিরপুরের শেওড়াপাড়া, হাতিরপুল ও কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি টমেটো ৩০ থেকে ৫০ টাকা, আলু ১২ থেকে ২০, বেগুন ৪০ থেকে ৫০, ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৪৫, বাঁধাকপি প্রতিটি ২৫ থেকে ৩৫, কাঁচা মরিচ ৮০ থেকে ১২০, বরবটি ৮০ থেকে ১০০, শসা ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হয়।
এই তিন বাজারের মধ্যে শেওড়াপাড়া বাজারে সবজির দাম অন্য দুই বাজারের তুলনায় বেশি ছিল। কয়েকজন বিক্রেতার কাছে মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে একজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বিভিন্ন বাজারে গতকাল মানভেদে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। বিক্রেতারা জানান, এই পেঁয়াজের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকায়।
কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকায় বিক্রি হলেও শেওড়াপাড়ায় ছিল ১৫০ টাকা। এ ছাড়া চাল, ডাল, ভোজ্যতেলের দাম ছিল অপরিবর্তিত। মানভেদে প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাইল চাল ৪০ থেকে ৫৬ টাকা, মোটা চাল ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।