আরও বড় স্বপ্ন দেবীগঞ্জের কিশোরী ক্রিকেটারদের

দুই বছর আগেও ক্রিকেট বল হাতে নেওয়ার অভিজ্ঞতা তাদের ছিল না। এখন তাদের স্বপ্ন জাতীয় নারী ক্রিকেট দলের জার্সি গায়ে তোলার। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি স্কুলের মেয়েরা তাদের স্বপ্নের পরিধি বহুদূর বাড়িয়ে নিয়েছে। এবার স্কুলপর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় তারা সারা দেশে রানারআপ হয়েছে।
দেবীগঞ্জের রিভারভিউ স্কুলের এই যোদ্ধা কিশোরীরা গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে পা রাখে। সঙ্গে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিউটি নার্গিস, শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক ইসমত আরা ও দলের কোচ শাহীনুর রহমান। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। এবার রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় দলটি। জাতীয় পর্যায়ে ঢাকায় এসে প্রথম ম্যাচে হারায় বরিশালের একটি স্কুলকে। কিন্তু চূড়ান্ত সাফল্য ছোঁয়া হয়নি।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম দেবীগঞ্জের মেয়েদের অভিনন্দন জানান। আশা প্রকাশ করেন এই মেয়েরা একদিন বিশ্বের বুকে এ দেশের প্রতিনিধিত্ব করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, প্রথম আলোর প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক জামাল আখতার ও বার্তা সম্পাদক শিবব্রত বর্মন।