বাংলাদেশকে এবার আরও ১০০ কোটি ডলার প্রকল্প ঋণ দিতে চায় ভারত। তবে তা হবে তখনই, যখন কোনো ভারতীয় কোম্পানি বাংলাদেশে কোনো প্রকল্পে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎও রপ্তানি করতে চায় দেশটি।
বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ কার্যদলের বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরবিন্দ মেহতা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ যৌথ কার্যদলের নবম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অরবিন্দ মেহতা ভারতীয় সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানান, বাংলাদেশ চাইলে ভারত থেকে আরও ১০০ কোটি ডলার ঋণ নিতে পারে। এ ঋণ দেবে ভারতের একসিম ব্যাংক। সুদের হার ২ দশমিক ৫ শতাংশ। ভারত থেকে শ্রীলঙ্কাও একই ধরনের ঋণ নিয়েছে বলে জানান তিনি।
তবে ভারতীয় প্রকল্প ঋণের বিষয়টি বাংলাদেশ দলের একজন সদস্য ব্যাখ্যা করে প্রথম আলোকে বলেন, এটি হলো বাংলাদেশে ভারতের প্রকল্প রপ্তানির প্রস্তাব। অর্থাৎ বাংলাদেশের কোনো প্রকল্পের দরপত্রে অংশ নিয়ে যদি ভারতীয় কোনো কোম্পানি কাজ পায়, তাহলে ওই ভারতীয় কোম্পানিকে ভারতের একসিম ব্যাংক ঋণ দেবে। সেই ঋণের অর্থে বাস্তবায়িত হবে বাংলাদেশের প্রকল্প। অর্থাৎ ভারতীয় কোম্পানি কাজ না পেলে ওই প্রকল্পের জন্য ঋণ আসবে না।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহাবুদ্দিন পাটোয়ারী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন অরবিন্দ মেহতা। উভয় দলেই আটজন করে সদস্য ছিলেন। বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশন, পররাষ্ট্র ও নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
সফররত ভারতীয় যুগ্ম সচিব বলেন, ‘আমাদের থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনার সুযোগ আছে বাংলাদেশের। ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির পরিমাণ এক হাজার মেগাওয়াটে উন্নীত হতে পারে।’
এর আগে ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যকার ৫০ দফা যৌথ ইশতেহারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা উল্লেখ ছিল। তবে কঠিন শর্তের কারণে ওই অর্থের মধ্যে ২০ কোটি ডলারকে শেষ পর্যন্ত অনুদানে রূপান্তর করে ভারত সরকার।
যৌথ সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কনটেইনার ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান অরবিন্দ মেহতা। কোস্টাল শিপিং চালু এবং মোটরযান চুক্তি করার বিষয়টি নিয়েও বৈঠকে কথা হয় বলে জানান তিনি। আর পেট্রাপোল থেকে বেনাপোল পর্যন্ত সংযোগ সড়ক স্থাপনের কাজ শেষ হওয়ার কথা জানিয়ে অরবিন্দ মেহতা জানান, আগামী মে মাসেই তা চালু হবে বলে তিনি আশাবাদী।
বৈঠক থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটি ভালো সিদ্ধান্ত এসেছে। বলা হয়েছে, একই জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে পর পর পাঁচবার (পাঁচ চালান) পরীক্ষা করানোর পর থেকে সংশ্লিষ্ট রপ্তানিকারক সব সময়ের জন্য গ্রিন চ্যানেলে পণ্য রপ্তানির সুযোগ পাবেন। অর্থাৎ ষষ্ঠবার থেকে ওই পণ্য পরীক্ষা করাতে হবে না বা বিআইএসের কোনো সনদ নিতে হবে না।
যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘গ্রিন চ্যানেলে পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে পারলে আমাদের ব্যবসায়ীরাই লাভবান হবেন। তবে, নিম্নমানের পণ্য রপ্তানি করলে একজনের জন্য ক্ষতিগ্রস্ত হবেন দেশের অন্য সব রপ্তানিকারক।’