আরও ভালো কাজ করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা প্রেসক্লাব প্রাঙ্গণে ৫০ শিশুর মধ্যে গতকাল বই, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ষ ছবি: প্রথম আলো
মংলা প্রেসক্লাব প্রাঙ্গণে ৫০ শিশুর মধ্যে গতকাল বই, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ষ ছবি: প্রথম আলো

এক বা একাধিক ভালো কাজ করা এবং ভবিষ্যতে আরও ভালো কাজের অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। বন্ধুসভার সদস্যদের সহায়তা ও অংশগ্রহণে এসব আয়োজন করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা:
সংরাইশ সরকারি শিশু পরিবারের ১০০ ছাত্রীকে মিষ্টি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। সম্মাননা স্মারক দেওয়া হয় তিনটি সংবাদপত্র এজেন্সি ও একজন হকারকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী একরাম হোসেন, দিলনাশি মোহসেন ও বদরুল হুদা।
শরীয়তপুর: বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান। মঞ্চস্থ করা হয় মাদকবিরোধী নাটক স্বপ্নবাজ।

দীর্ঘদিন ধরে জলাবদ্ধ যশোরের কেশবপুর উপজেলার নেহালপুর গ্রামে গতকাল বাঁশের সাঁকো নির্মাণ করে দেন কেশবপুর বন্ধুসভার সদস্যরা  ছবি: প্রথম আলো
দীর্ঘদিন ধরে জলাবদ্ধ যশোরের কেশবপুর উপজেলার নেহালপুর গ্রামে গতকাল বাঁশের সাঁকো নির্মাণ করে দেন কেশবপুর বন্ধুসভার সদস্যরা ছবি: প্রথম আলো


কালকিনি (মাদারীপুর): মুক্তিযোদ্ধা ভাসাই বেপারির হাতে চিকিৎসার অর্থ তুলে দেন বন্ধুসভার সদস্যরা। শোভাযাত্রা শেষে মিষ্টি বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে অংশ নেন বড়াল, ফাহিম, পৌষী, শাফিউন, রাফিয়া ও নাফিস সিদ্দিকী।
মংলা (বাগেরহাট): পৌর এলাকার ৫০ পথশিশুকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার দুটি বিদ্যালয়ে তাদের ভর্তির ব্যবস্থা করা হয়।
মাগুরা: বন্ধুসভার সদস্যরা সৈয়দ আতর আলী পাঠাগার চত্বর পরিষ্কার করেন। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন মাহফুজুল হক, মফুজার রহমান, হাবিবুল হাসান, আবদুল্লাহেল কাফী, সৈয়দ শরিফুল ইসলাম ও কাজী শামসুজ্জামান।
মেহেরপুর: মেহেরপুর শিশু পরিবারের অনাথদের নিয়ে ১৫ বছর পূর্তি উদ্যাপন করে প্রথম আলো। শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক রুহুল আমিন বলেন, প্রথম আলোর এমন অনুষ্ঠান শতাধিক অনাথ শিশুর জীবনের একটা অপূর্ণতাকে পূর্ণ করল।
কেশবপুর (যশোর): উপজেলার জলাবদ্ধ গ্রাম নেহালপুরে একটি সাঁকো তৈরি করেন বন্ধুসভার সদস্যরা। পাবলিক ময়দানের শহীদ মিনারে সুধী সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন মনি মোহন ধর, আবু বক্কর সিদ্দিকী, আজিজুর রহমান, সৈয়দ আকমল আলী প্রমুখ।
পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের গতিরোধক দৃষ্টি আকর্ষণ করতে তাতে রং দেন বন্ধুসভার সদস্যরা। গাড়িচালকদের সতর্ক করে দুটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। পরে পথে পথে মোটরসাইকেলের সামনে হেডলাইটের ওপরের অংশে কালো রং করে দেন বন্ধুরা।
গোয়ালন্দ (রাজবাড়ী): উজানচর হাবিল মণ্ডল পাড়ার একটি অসহায় দুস্থ পরিবারকে চার হাজার টাকা মূল্যের দুটি ছাগল কিনে দেন বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া মরা পদ্মার বিলের পদ্মার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করা হয়।

ভৈরব পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে সাঁটানো কুরুচিপূর্ণ পোস্টার গতকাল অপসারণ করেন ভৈরব বন্ধুসভার সদস্যরা  ছবি: প্রথম আলো
ভৈরব পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে সাঁটানো কুরুচিপূর্ণ পোস্টার গতকাল অপসারণ করেন ভৈরব বন্ধুসভার সদস্যরা ছবি: প্রথম আলো

আদমদীঘি (বগুড়া): বন্ধুসভার সদস্যরা নিজেদের খরচে শহরের পাশে তুলসীগঙ্গা নদীর ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করেন। এ ছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলার বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেন বন্ধুসভার সদস্যরা। ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুরুদাসপুর ও লালপুর (নাটোর): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এবং হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড পরিষ্কার করেন বন্ধুসভার সদস্যরা। মুক্তিযোদ্ধা খায়রুল ইসলামকে দেওয়া হয় সংবর্ধনা। গুরুদাসপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম আলোর ১৫ বছর পূর্তি উদ্যাপিত হয়।
বদরগঞ্জ (রংপুর): বন্ধুসভার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করেন। বদরগঞ্জ-মধ্যপাড়া পকিহানা রেলক্রসিংয়ে লেপটিং বেরিয়ার নির্মাণের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে লাইনের দুই ধারে করেন মানবপ্রাচীর। পৌর শহরের জনবহুল এলাকায় চালানো হয় ধূমপানবিরোধী প্রচারণা।
পাটগ্রাম (লালমনিরহাট): বন্ধুসভার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় উপস্থিত আনসার ও ভিডিপির সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শেরপুর: ১৫ দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেন বন্ধুসভার সদস্যরা। ইউনাইটেড স্কুল চত্বরে সুধী সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন সুধাময় দাস, মাহমুদুল হাছান, গোলাম মোহাম্মদ কিবরিয়া, রাজিয়া সামাদ, মলয় চাকী, দেবাশীষ সাহা রায় প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেন ইউনাইটেড স্কুলের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বন্ধুসভার সদস্যরা ৩৪ পথশিশুকে শিক্ষা উপকরণ দিয়েছেন। এ সময় সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ বলেন, প্রথম আলো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, যা অবশ্যই প্রশংসাযোগ্য।
বান্দরবান: প্রত্যন্ত তুক্ষ্যং পাড়ার বাকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেন বন্ধুসভার সদস্যরা। এতে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও শিক্ষামূলক কার্টুনচিত্র দেখানো হয়। পরে এ নিয়ে কুইজ প্রতিযোগিতা করা হয়। বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশে বক্তৃতা করেন সত্যেন্দ্র মজুমদার, বুদ্ধজ্যোতি চাকমা, মোহাম্মদ ইয়াকুব ও জর্জ ত্রিপুরা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন নিলু মারমা, কিরণ বড়ুয়া ও শামিরা।
কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলোর ১৫ বছর পূর্তি অনুষ্ঠানের কেক কাটা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন দীন মোহাম্মদ, শরীফুল ইসলাম ও বেগম কাউছার জাহান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পিয়াল বড়ুয়া, স্বপ্না মারমা ও শাহীনুর আক্তার।
চকরিয়া (কক্সবাজার): চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজের প্রধান সড়কের আবর্জনা পরিষ্কার করা হয়। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় ‘অন্তরা’ শিল্পী গোষ্ঠী।
পটিয়া (চট্টগ্রাম): সদরের দুটি সড়কের গতিরোধকে রং করেন বন্ধুসভার সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিরসরাই (চট্টগ্রাম): জেবি উচ্চবিদ্যালয় ও জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে বাল্যবিবাহবিরোধী প্রচারণা চালান বন্ধুসভার সদস্যরা। উপজেলা পরিষদ মিলনায়তনে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভৈরব (কিশোরগঞ্জ): বন্ধুসভার সদস্যরা পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে সাঁটানো অশ্লীল পোস্টার পরিষ্কার করেন। ওস্তাদ ইসরাইল খান সংগীতনিকেতন মিলনায়তনে সুধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
গৌরনদী (বরিশাল): বন্ধুসভার সদস্যরা উপজেলা সদরের কোর্ট চত্বর থেকে চরগাধাতলী সড়ক পরিষ্কার করেন। কবি রেজাউল করিমকে দেওয়া হয় সংবর্ধনা।

গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী বন্ধুসভা গতকাল শিশুদের মাঝে গাছের চারা বিতরণ এবং পাঠাগার আন্দোলন ও সাহিত্যচর্চায় অবদান রাখার জন্য ‘সাহিত্যধারা’কে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরিজপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম তোতা, সাবেক প্রধান শিক্ষক সারিয়ার রহমান, গুণীগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোদাগাড়ী বন্ধুসভার উপদেষ্টা ওয়াহেদুল আলম, সভাপতি এস এম তিতুমীর প্রমুখ। সাহিত্যধারার পক্ষ থেকে সম্মননা গ্রহণ করেন জুলফিকার হায়দার জুয়েল। সব শেষে নূর হামিম বীর প্রতীক শিশুদের হাতে গাছের চারা তুলে দেন।