আরও মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব বাড়ানোর পক্ষে নন সিইসি
নির্বাচন সুষ্ঠু করতে কয়েকটি মন্ত্রণালয়ের ওপর নির্বাচন কমিশনের (ইসি) কর্তৃত্ব বাড়ানোর পক্ষে নন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ। নির্বাচন কমিশনে গতকাল রোববার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।কাজী রকিব উদ্দীন বলেন, নির্বাচনের সময় ইসির নতুন করে কোনো মন্ত্রণালয়ের কর্তৃত্ব নেওয়ার প্রয়োজন নেই। সংবিধানে নির্বাচনের সময় কমিশন যে ধরনের সহায়তা চাইবে, তা দেওয়ার নির্দেশনা রয়েছে। সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকার আন্তরিক থাকলে দলীয় বা নির্দলীয় যে ধরনের সরকারই ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘যতই আইন করুন, আইন প্রয়োগ করাই বড়। আমাদের মতো দেশে আইন মান্য করার প্রবণতা কম। এ অবস্থায় সরকারের কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আমাদের যে ভূমিকা পালন করার বাধ্যবাধ্যকতা রয়েছে, তা পালন করতে পারব না।’সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ীই নির্বাচন করবে। সরকারের তরফ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে।