আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে এখনো অশান্ত পরিস্থিতি চলমান থাকায় বাংলাদেশে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এ জন্য অনুপ্রবেশকারী কোনো রোহিঙ্গা যাতে নির্দিষ্ট এলাকার বাইরে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
আজ মঙ্গলবার বান্দরবান জেলার আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ সভায় আগাম এ আশঙ্কার কথা তুলে ধরা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, বিজিবি বান্দরবান সেক্টরের উপ-অধিনায়ক মেজর গৌতম রায়, সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি মেজর শফিকুর রহমান, সরকারি সংস্থার কর্মকর্তারা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
সভায় ইউপি চেয়ারম্যানরা বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। তবে প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর শক্ত অবস্থান ও এলাকার মানুষের সচেতনতার কারণে তাদের শনাক্ত করে তালিকা করা হচ্ছে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেছেন, পার্বত্য জেলা বান্দরবান নানা কারণে সংবেদনশীল এলাকা হওয়ায় কোনো রোহিঙ্গাকে রাখা হবে না মর্মে সরকারি নির্দেশনা রয়েছে। এ জন্য কোনো রোহিঙ্গা কোথাও এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে উখিয়ার বালুখালিতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, বান্দরবানের সাতটি উপজেলায় নাম ও ঠিকানাসহ ১ হাজার ৭৬৬ জন আগে আসা রোহিঙ্গা রয়েছেন। তাঁদেরকে উখিয়ায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গরা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। এখনো রাখাইনের বুথিডং, বাথেডং শহরসহ রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে এমনকি রাজ্যের রাজধানী সিটওয়ের (আকিয়াব) রোহিঙ্গা ক্যাম্পে গন্ডগোল হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এ অবস্থায় জীবন রক্ষার্থে বাংলাদেশে আরও বেশি সংখ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারে। এ জন্য আগে থেকে সতর্ক থাকা দরকার।
বিজিবি বান্দরবান সেক্টরের উপ-অধিনায়ক মেজর গৌতম রায় বলেন, সীমান্তে সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষমতা নিয়ে তাঁরা সতর্ক রয়েছেন।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ২৫ আগস্টের পরে ছড়িয়ে পড়া ও আগে আসা রোহিঙ্গাদের পৃথকভাবে তালিকা করে প্রশাসনের কাছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেছেন।
প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং বলেন, মানবিক বিপর্যয়ের শিকার রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপত্তা নিশ্চয়তায় মধ্য দিয়ে মিয়ানমারকে ফেরত নিতে হবে। এ জন্য রোহিঙ্গাদের এক জায়গায় রাখার সিদ্ধান্ত হয়েছে। কোনো রোহিঙ্গা ভুল করে কোথাও এলে অতিথিসুলভ আচরণে উখিয়ায় পাঠাতে হবে।