আরও শ্রমিক নিতে কাতারের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল আয়োজন উপলক্ষে কাতারে শ্রমিক চাহিদা বাড়ায় আরও বাংলাদেশি শ্রমিক নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, গভীর সমুদ্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মৎস্য সম্পদ আহরণে মালদ্বীপ আগ্রহ প্রকাশ করার পর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল দেহাইমি এবং মালদ্বীপের নবনিযুক্ত হাইকমিশনার ড. মোহাম্মেদ আসিম আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁদের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসের।
ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে বলেছেন, দেশটিতে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেখানে ব্যাপক উন্নয়নকাজ হচ্ছে। এসব কাজের শ্রমশক্তির চাহিদা পূরণে সেখানে বাংলাদেশ আরও জনশক্তি পাঠাতে চায়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কাতারে জনশক্তি রপ্তানির সুযোগ নিতে পারে। তিনি বলেন, শুধু বিশ্বকাপ ফুটবলের জন্য নয়, তাঁদের রূপকল্প-২০৩০ সফল করার জন্য আরও জনশক্তি দরকার হবে। এ বিষয়ে ১০ দিনের মধ্যে কাতারের শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে বলেও তিনি জানান।
প্রেস সচিব বলেন, মালদ্বীপের নবনিযুক্ত হাইকমিশনার ড. মোহাম্মেদ আসিম প্রধানমন্ত্রীকে বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ করতে চায়। প্রধানমন্ত্রী মালদ্বীপের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, ‘গভীর সমুদ্রে দুই দেশ একসঙ্গে মৎস্য সম্পদ আহরণ করতে পারে।’ মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মাটি নিতে আগ্রহ প্রকাশ করেন।