
রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত ঝুঁকি থাকলে তা আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। তিনি বলেছেন, ওই অঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রের শক্ত সমর্থক তিনি। তার মানে এই নয় যে, পরিবেশ নিয়ে উদ্বেগ থাকলে তা পুরোপুরি বিবেচনা করা হবে না।
জ্বালানি খাতে বড় প্রকল্পের অর্থায়ন নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে মসিউর রহমান এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসিউর রহমান। এতে বিদ্যুৎ খাতের বড় প্রকল্পে অর্থায়ন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলা হয়। পরিবেশগত ঝুঁকি থাকলে বিদ্যুৎকেন্দ্রে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করে না বলেও উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলেন মসিউর রহমান, বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব এম ফাওজুল কবির খান ও জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন।
রামপাল এখন বিতর্কে পরিণত হয়েছে উল্লেখ করে মসিউর রহমান বলেন, ‘এ বিতর্ক সঠিক কারণে হতে পারে, আবার বেঠিক কারণেও হতে পারে। কিন্তু আমি অনেক দিন ধরেই সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমর্থক।’
সমর্থনের পেছনের কারণও তুলে ধরেন মসিউর রহমান। তিনি বলেন, খুলনা অঞ্চলে একসময় অনেক পাটকল ছিল। এখন সেখানে শিল্পকারখানা কমে গেছে। তবে খুলনা ও যশোরের মধ্যে ৬০ কিলোমিটার রাস্তার দুই পাশে এখনো অনেক মাঝারি কারখানা আছে। বিদ্যুতের অভাবে ওই সব কারখানা তাদের উৎপাদন ক্ষমতার ৬০-৭০ শতাংশ ব্যবহার করতে পারে না। এসব কারখানায় বিদ্যুৎ দেওয়া গেলে অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা সম্ভব।
বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে সরকার। তবে পরিবেশবাদীরা বলছেন, এতে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হবে।
মসিউর রহমান বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে তা হলো, সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলের চার অথবা ছয় মাইল দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্রটি হবে। তবে সেখানে যদি কোনো ইস্যু (বিষয়) থাকে, তাহলে তা আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।’
অনুষ্ঠানে মসিউর রহমানের আগে দেওয়া বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব এম ফাওজুল কবির খান বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র জ্বালানি খাতকে
সহায়তা করছে না, বরং অহেতুক বিতর্ক তৈরি করছে। তিনি বলেন, ‘আমার কথায় বিতর্ক তৈরি হতে পারে। তবু বলছি, এটি সরিয়ে নেওয়া উচিত।’
তবে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে কোনো মন্তব্য করেননি সাবেক ওই কর্মকর্তা। জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের ক্ষতি করবে না। তাঁদের হাতে এ-সংক্রান্ত ভালো সমীক্ষা আছে। রামপাল একটি ভালো প্রকল্প হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিতর্ককে স্বাগত জানিয়ে মোহাম্মদ হোসেন বলেন, সুন্দরবন কারও একার সম্পত্তি নয়। এটি দেশের ১৬ কোটি মানুষের সম্পদ। এ নিয়ে বিতর্ক হওয়া ভালো। তবে এটির ক্ষতি হয় কি না, তা সরকারও দেখছে।