আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন। পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন। পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল l ছবি: বাসস

গুলশান ও শোলাকিয়ার মতো আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, সন্ত্রাসীরা আরও হামলা চালানোর পরিকল্পনা করছে।’
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে নিজের উদ্যোগের অংশ হিসেবে চার বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কন্সারেন্সে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গতকাল বুধবার গণভবনে ওই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
বার্তা সংস্থা বাসস জানায়, দুপুরে প্রথমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজকর্মী, এনজিও কর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি এলাকায় জঙ্গিবাদবিরোধী কমিটি, কোর কমিটি গঠন করে আড়ালে-আবডালে ঘাপটি মেরে থাকা জঙ্গি, নিখোঁজ ব্যক্তি এবং গোপন তৎপরতাকে খুঁজে বের করতে সবাইকে তৎপর হতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার মাধ্যমে আমাদের জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এক জোট হয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে।’

সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠী প্রকৃত অর্থে ইসলাম ধর্মেরইÿক্ষতি করছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে এই পবিত্র ইসলাম ধর্মটাকেই আজকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

পরে বিকেলে গণভবন থেকে আরেকটি ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে বলেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যদি কোনো ছাত্র দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকে, লেখাপড়া করছে না, তাদের খোঁজ রাখবেন।

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্তান কার সঙ্গে মেশে, কী করে—তাদের সম্পর্কে আপনাদের আরও জানা উচিত। পারিবারিক বন্ধন যাতে সৃষ্টি হয়, ছেলেমেয়েরা যেন বাবা-মাকে কাছে পায়, তাদের মনের কথা বলতে পারে, সে ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এবং মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।

দুই রাষ্ট্রদূত ও সৌদি সেনা কর্মকর্তার সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনোয়াতভ। এ সময় রাষ্ট্রদূত ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে পারস্পরিক ব্যবসা-বাণিজ্যে নিজেদের মুদ্রা ব্যবহারের প্রস্তাব দেন।

বৈঠকের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, রুশ রাষ্ট্রদূতের প্রস্তাবটি প্রধানমন্ত্রী দেখবেন বলে তাঁকে আশ্বস্ত করেন। পরে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মিস পানপিমন সুওয়াননাপঙ্গি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত সৌদি আর্মড ফোর্সের ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ এয়ার মার্শাল ফায়য়াদ বিন হামেদ আল-রুয়াইলি। তিনি প্রধানমন্ত্রীর কাছে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের চিঠি হস্তান্তর করেন।