বিসিএস টেলিকম ক্যাডারের ৪৫০ সদস্যকে স্থানান্তরিত করতে আরও এক মাস সময় নিচ্ছে সরকার। বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধনী) আইন, ২০০৯ অনুযায়ী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) তাঁদের চাকরির মেয়াদ ছিল ২৪ মাস, যা গত ৩০ জুন শেষ হয়েছে। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে চলতি জুলাই মাসে সবাইকে বিটিসিএলে কাজ করতে বলা হয়েছে। বিসিএস টেলিকমিউনিকেশন দেশের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের জন্য একমাত্র ক্যাডার সার্ভিস। ১৯৭২ সাল থেকেই বিটিসিএলে এ ক্যাডারের লোক নিয়োগ করা হচ্ছে। সর্বশেষ ২০০৬ সালেও এ ক্যাডারের আওতায় মোট ৩০ প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়। সূত্র জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে টেলিযোগাযোগ অধ্যাদেশের মাধ্যমে বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তাদের বিটিসিএলে দুই বছরের চাকরির বাধ্যবাধকতা রাখা হয়েছে, যা চলতি বছরের ৩০ জুন শেষ হয়েছে। এ বিষয়ে টেলিযোগাযোগ-সচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কোনো ক্যাডার সার্ভিসই বিলুপ্ত হবে না। মন্ত্রণালয়ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ক্যাডারদের কাছে ‘অপশন’ (ইচ্ছা) চাওয়া হয়েছে, সবার কাগজপত্র পেয়ে সময়োচিত ব্যবস্থা নেওয়া হবে।’’ বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব বলেন, আইনত কোনো ক্যাডার সার্ভিস বিলুপ্ত হতে পারে না। গত বৃহস্পতিবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত সব বিসিএস টেলিকম ক্যাডার বিটিসিএলে কাজ করবে তিনি জানিয়েছেন। এর পরে সরকারি প্রজ্ঞাপন জারি করে ক্যাডারদের সরকারি খাতে স্থানান্তর করা হতে পারে। এ এক মাসের জন্য বেতন-ভাতাদি আসবে সরকারি খাত থেকে। জানা গেছে, গত ২৮ জুন প্রত্যেক ক্যাডার তাঁদের ইচ্ছার কথা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবসারুল আলমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এরপর ২৯ জুন মন্ত্রণালয় থেকে চাকরির বৃত্তান্ত-সংবলিত একটি করে ‘অপশন লেটার’ পাঠানো হয়েছে। এটা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।