আরও সাত ঝাড়ুদারের চাকরি স্থায়ী করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সোবাহান (৬০) ৪০ বছর ধরে পটুয়াখালীতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অস্থায়ী নিয়োগে (মাস্টাররোল) ঝাড়ুদার পদে চাকরি করছেন। অনেকবার চেষ্টা করেছেন চাকরিটা স্থায়ী করতে, কিন্তু হয়নি। তাঁর বেতন প্রতিদিন ৬৫ টাকা। ওই যৎসামান্য টাকা দিয়েই স্ত্রী-সন্তান নিয়ে অভাবের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে তাঁকে। সোবাহানের দুই ছেলে বিয়ে করে অন্যত্র চলে গেছে। স্ত্রী লাল বানু (৫০) খাদ্য পরিদর্শকের বাসায় রান্না করেন। মেয়ে রেখাও (২০) কাজ করেন অন্যের বাসায়। আর বাসা বলতে খাদ্যগুদামের পেছনে সরকারি জায়গায় ছোট্ট একটি ঘর। সোবাহান বলেন, ‘অনেকবার চেষ্টা কইরাও চাকরিডা পাকা (স্থায়ী) করতে পারি নাই। ১০-১২ বছর আগেও অফিসের (জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়) ঝাড়ুদার কমলের সঙ্গে মিলে চাকরি পাকা করার চেষ্টা করছি। কিন্তু হয় নাই। এহন তো আর চাকরি পাকা হইবে না। বেতনও যা পাই তা দিয়ে চলে না।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা খাদ্যগুদাম পরিষ্কার কইরা খাদ্য রক্ষা করি। আর আমাগো ঘরে খাদ্য নাই। চাকরি পাকা হয় না, বেতন বাড়ে না। কমল তো এর প্রতিবাদ করতেই জীবন দিছে। আমাগো কী হইবে?’ গত বৃহস্পতিবার পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে অফিস চলাকালে বিষপানে আত্মহত্যা করেন ওই দপ্তরের ঝাড়ুদার কমল দাস (৫২)। তিনি ২৬ বছর ওই দপ্তরে অস্থায়ী ভিত্তিতে কাজ করেছেন। চাকরি স্থায়ী করতে বার বার ধরনা দেওয়ার পর আশ্বাস পেলেও চাকরিটি তিনি পাননি। মনোকষ্টে ও ক্ষোভে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে এখনো সাতজন ঝাড়ুদার উপজেলার খাদ্যগুদামগুলোতে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। তাঁরা হলেন মির্জাগঞ্জ উপজেলার সুবিখালীর শাহ আলম, সদর উপজেলার নূরুল আলম ও আবদুস সোবাহান, দশমিনার খাদ্যগুদামে খলিলুর রহমান, গলাচিপায় মো. শাহ আলম, খেপুপাড়ায় জাকির ফরাজি ও কালাইয়ায় আবুল বাশার। তাঁদের সবার চাকরির বয়স সাত থেকে ৪০ বছর পর্যন্ত। কমল দাসের মতো তাঁরাও তাঁদের দপ্তরে অনেক ধরনা দিয়েও চাকরি স্থায়ী করতে পারেননি। কলাপাড়ার খেপুপাড়া খাদ্যগুদামের ঝাড়ুদার জাকির ফরাজি (৩০) জানান, তিনি ১০ বছর ধরে কাজ করছেন। মাসে ২২ দিনের বেশি বেতন কখনো পান না। সংসারে তিনটি শিশু রয়েছে তাঁর। স্ত্রী কামরুন্নাহার হাঁস-মুরগি পালন করে ডিম বিক্রি করেন। এভাবে কোনো রকমে চলছে তাঁদের সংসার। বাউফলের কালাইয়া খাদ্যগুদামের ঝাড়ুদার আবুল বাশার (২৭) জানান, সাত বছর ধরে তিনি চাকরি করছেন। বাবা-মা-ছোট ভাই-স্ত্রীকে নিয়ে সংসার চালাতে পারছেন না আর। ওই গুদামের খাদ্য পরিদর্শক মো. মজিবুর রহমান জানান, সাপ্তাহিক ছুটি ও সরকারি বন্ধ ছাড়া যে কয় দিন কাজ হয় প্রতিদিন ৬৫ টাকা করে বেতন দেওয়া হচ্ছে তাঁদের। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহাবুবুর রহমান সিকদার জানান, তিনি গত ৭ মার্চ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অনুরোধপত্র পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘জেলার মধ্যে শুধু বাউফল উপজেলার বগা খাদ্যগুদামে একজন নিয়মিত ঝাড়ুদার রয়েছেন। বাকি সাতটি খাদ্যগুদামে খণ্ডকালীন ঝাড়ুদার রয়েছেন। একজন বাইরের শ্রমিক দৈনিক কাজ করলে এক বেলা খাওয়াসহ ২০০ টাকা বেতন পেয়ে থাকেন। অথচ আমরা তাঁদের দৈনিক ৬৫ টাকা হিসেবে বেতন দিচ্ছি। এ অবস্থায় খণ্ডকালীন ঝাড়ুদারেরা ওই বেতনে কাজ করতে অনীহা প্রকাশ করছেন।’