আরও সাত দিন আঁধারে থাকবে পাঁচ উপজেলা!
তিন দিন ধরে ভোলার পাঁচ উপজেলার গ্রাহকেরা অন্ধকারে দিন কাটাচ্ছেন। বন্ধ আছে ছোট ছোট কলকারখানা। গত রোববার থেকে ভোলা-পটুয়াখালীর মধ্যবর্তী তেঁতুলিয়া নদীর মধ্য দিয়ে টানা ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সাবমেরিন কেবেল (পানির নিচ দিয়ে যাওয়া তার) বিপর্যয় দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।সাবমেরিন কেব্ল সারাই করতে আরও সাত দিন লাগবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন। ভোলা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বিশ্বাস জানান, ওই পাঁচ উপজেলায় ৪৯ হাজার ৫০০ গ্রাহক রয়েছেন।দৌলতখান উপজেলার একাধিক বরফকলের মালিক সিদ্দিকুর রহমান বলেন, গত রোববার থেকে বিদ্যুতের অভাবে দৌলতখানের সব বরফকল বন্ধ আছে। বিদ্যুতের অভাবে এখন ডিজেল দিয়ে বরফকল চালাতে হচ্ছে। একই অবস্থা চলছে তজুমদ্দিন, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায়। করাতকল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বিদ্যুতের অভাবে ওই পাঁচ উপজেলায় শতাধিক করাতকল বন্ধ আছে।চরফ্যাশন পৌরসভার বাসিন্দা কামাল গোলদার বলেন, বিদ্যুৎ নেই, তাই লাইনে পানি আসছে না। রেফ্রিজারেটর, টিভি বন্ধ আছে।পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওজোপাডিকো লিমিটেডের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল মাজেদ জানান, ত্রুটি চিহ্নিত করতে ভোলা থেকে তাঁর নেতৃত্বে একটি দল গত সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ত্রুটি চিহ্নিত করা গেছে।দৌলতখান চৌকিঘাটা মৎস্যঘাটের ব্যবসায়ী সোহেল হোসেন জানান, গত তিন দিন বিদ্যুৎ না থাকায় তাঁরা বেশি দামে বরফ কিনছেন।চরফ্যাশন পৌরসভার বাসিন্দা মনির আহমেদ অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত জুলাই মাসে গ্যাসভিত্তিক ৩৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর চরফ্যাশনের মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। ঠিকমতো গোছল করতে পারছে না, থালাবাসন ধুতে পারছে না। রাতে মোমের আলোয় পড়তে হচ্ছে ছেলেমেয়েদের।ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ জানান, মটবাড়িয়া এলাকার তেঁতুলিয়া নদীতে সাবমেরিন কেবেল বিপর্যয় ঘটলে ৩৩ কেভির লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই লাইন দিয়ে যে ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত, তা দিয়ে জেলার ছয় উপজেলার মধ্যে পাঁচটিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। ওই উপজেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ এখন বন্ধ রয়েছে। ত্রুটি সারাই করা এ মুহূূর্তে সম্ভব নয়। দীর্ঘদিন ধরে তার না পাল্টানোর কারণে বারবার বিপর্যয় ঘটছে। এবারের বিপর্যয়ের ফলে ওই সাবমেরিন কেব্ল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তার না পাল্টানো পর্যন্ত ওই পাঁচ উপজেলার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা যাবে না।লালমোহনের মুদি ব্যবসায়ী ভাস্কর চন্দ্র দে বলেন, ‘প্রতি মাসে বিদ্যুৎ বিল দিচ্ছি। আবার রাতে বিদ্যুৎ ব্যবহারের জন্য জেনারেটরের মালিককেও বিল দিতে হচ্ছে। এভাবে আর কত দিন?’ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, সাবমেরিন কেব্ল সারাই করতে আরও সাত দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে।