আরও সাতজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চডুবিতে নিখোঁজ হয়েছে স্বজন। দিনভর অপেক্ষার পরও সন্ধান মিলছে না, চলছে আহাজারি। গলাচিপা উপজেলার গলাচিপা নদীতে গত শনিবার ডুবে যাওয়া লঞ্চটির অদূরে তীরে বসে স্বজনদের এমন আহাজারি ছিল গতকাল সারা দিন  প্রথম আলো
লঞ্চডুবিতে নিখোঁজ হয়েছে স্বজন। দিনভর অপেক্ষার পরও সন্ধান মিলছে না, চলছে আহাজারি। গলাচিপা উপজেলার গলাচিপা নদীতে গত শনিবার ডুবে যাওয়া লঞ্চটির অদূরে তীরে বসে স্বজনদের এমন আহাজারি ছিল গতকাল সারা দিন প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী লঞ্চ এমভি শাথিল-১ ডুবে যাওয়ার ঘটনায় আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গতকাল রোববার বিকেল পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হলো। আরও অন্তত তিনজন নিখোঁজ রয়েছে। উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পর শনিবার রাত ১২টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়। এরপর গতকাল সকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. সায়েমুজ্জামান জানান, লাশ দাফন বা সৎকারের জন্য পরিবারের সদস্যদের কাছে নগদ ২০ হাজার করে টাকা দেওয়া হয়। উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে বিকেল পাঁচটার দিকে উদ্ধারকারী জাহাজ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। অল্প সময়ের মধ্যেই লঞ্চটিকে উদ্ধার করা সম্ভব হবে।
গত শনিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাটের প্রায় এক কিলোমিটার দক্ষিণে গলাচিপা নদীতে এমভি শাথিল-১ কালবৈশাখীর কবলে পড়ে যাত্রীসহ ডুবে যায়। লঞ্চটি রাঙ্গাবালী থেকে পটুয়াখালী যাচ্ছিল। এতে প্রায় ১০০ যাত্রী ছিল। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও লঞ্চের কেবিনে ও নিচে থাকা যাত্রীরা বেরুতে পারেনি।

এমভি শাথিল-১-এর ভাসমান অংশটুকুতে উঠে উদ্ধার তত্পরতা চালান কর্মীরা  প্রথম আলো
এমভি শাথিল-১-এর ভাসমান অংশটুকুতে উঠে উদ্ধার তত্পরতা চালান কর্মীরা প্রথম আলো

এ লঞ্চ দুর্ঘটনায় ওয়াহিদা বেগম (২৫) ও তাঁর তিন বছরের ছেলে ওহিদুল নিখোঁজ হয়। বাবার বাড়ি গলাচিপার ইছাদি গ্রাম থেকে মাত্র তিন কিলোমিটার দূরে স্বামীর বাড়ি কলাগাছিয়া যাচ্ছিলেন ওয়াহিদা। গতকাল দুপুর সোয়া একটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তখন স্বজনদের কান্নায় এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওয়াহিদার ছেলের কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তান ওহিদুলের জন্য নদীর তীরে ব্যাকুল প্রতীক্ষা করেন তাঁর বাবা মোস্তফা ফকিরসহ স্বজনেরা। নিখোঁজ অন্য যাত্রীদের স্বজনসহ শত শত মানুষ নদীর তীরে অপেক্ষা করেন। কোনো লাশ উদ্ধারের পর শনাক্ত করে স্বজনেরা আর্তনাদে ফেটে পড়েন। এতে ভারী হয়ে ওঠে নদীতীরের হাওয়া।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও পটুয়াখালী নৌবন্দরের কর্মকর্তা এস এম বদরুল আলম জানান, গলাচিপায় লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খানের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।