আরও সাতটি ভিকটিম সাপোর্ট সেন্টার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতিত নারী ও শিশুদের সহায়তা দিতে দেশে নতুন করে আরও সাতটি সহায়তা কেন্দ্র (ভিকটিম সাপোর্ট সেন্টার) স্থাপন করা হচ্ছে। এসব কেন্দ্রে নির্যাতিত নারী ও শিশুদের তাৎক্ষণিকভাবে আইনি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দেওয়া হবে। এতে পুলিশ সংস্কার প্রকল্প (পিআরপি) অর্থায়ন করবে।গতকাল মঙ্গলবার পুলিশের সঙ্গে ১০টি বেসরকারি সংস্থার সমঝোতা চুক্তি (এমওএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক ও সিআইডির প্রধান মোখলেসুর রহমান এ তথ্য জানান। বাংলাদেশ পুলিশের পক্ষে চুক্তিতে সই করেন সহকারী পুলিশ মহাপরিদর্শক সিফগাত উল্লাহ। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। প্রকল্পের কর্মকর্তারা জানান, বর্তমানে ঢাকা মহানগরের তেজগাঁও এলাকায় একটি মাত্র ভিকটিম সাপোর্ট সেন্টার আছে। এ কেন্দ্রটি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮২৮ জন নারী ও শিশুকে সেবা দিয়েছে। এদের মধ্যে পারিবারিক নির্যাতনের শিকার ২৪২ জন, প্রতারণার শিকার ২৬ জন, নিখোঁজ ৪৪৮ জন, নির্যাতিত গৃহকর্মী দুজন, বাল্যবিবাহ একজন, ধর্ষণের শিকার ১৮ জন, যৌতুকের শিকার দুজন, অপহরণের শিকার ২৬ জন, পাচার নয়জন, শ্লীলতাহানির শিকার একজন, উত্ত্যক্ত একজন, নিরাপদ আশ্রয় ৩০ জন, রাগ করে বাড়ি থেকে পালিয়ে আসা একজন, উদ্ধার করা শিশু ১২ জন এবং অন্যান্য নয়জন। এখন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতেও এ ধরনের সহায়তা কেন্দ্র হবে। নির্যাতিত সহায়তা কেন্দ্রে পুলিশের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও নির্যাতিত ব্যক্তিদের সহায়তা করে থাকে। গতকাল এ ধরনের ১০টি সংস্থা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। সংস্থাগুলো হলো, আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েশন ফর কারেকশন অ্যান্ড সোশ্যাল রেক্লেমেশন, অপরাজেয় বাংলাদেশ, এসিড সারভাইভারস ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ঢাকা আহছানিয়া মিশন ও মেরি স্টোপস।সমঝোতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে গতকাল সকালে পুলিশ সদর দপ্তর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘এ ধরনের কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এর সুফল যেন দেশের আপামর জনসাধারণ ভোগ করতে পারেন।’প্রকল্প পরিচালক বলেন, ‘নির্যাতিত সহায়তা কেন্দ্র স্থাপন উদ্যোগের মাধ্যমে পুলিশ ধীরে ধীরে আরও মানবিক হয়ে উঠছে। এসব উদ্যোগের ফলে পুলিশে গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে।’অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সৈয়দ শাহজামান রাজ ও পুলিশ সংস্কার প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপমহাপুলিশ পরিদর্শক (অপরাধ) এবং নির্যাতিতদের সহায়তা কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন বদরী সবাইকে ধন্যবাদ জানান।