আরও হামলার আশঙ্কা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে ভোট দেওয়ায় সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় দুজনকে কুপিয়ে গুরুতর জখম, কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এসব হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। এখন নতুন করে হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
গত ২৮ মে এই উপজেলার ভোট গ্রহণ করা হয়। আর পরিবারগুলোর ওপর হামলার ঘটনা ঘটে ১৪ জুন।
হামলার ১০ দিন পর ঘটনাস্থল হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তদের হামলায় আহত মতু মিয়া বিছানায় শুয়ে আছেন। তিনি পেশায় জেলে। তাঁর বুকের ডান পাশের একটি ক্ষতে ১৫টির বেশি সেলাই। অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন। হামলায় আহত তাঁর ছোট ভাই আলমের অবস্থাও গুরুতর। দুর্বৃত্তদের কোপে আলমের মুখের ডান পাশে চারটি দাঁত পড়ে গেছে এবং তিনটি দাঁত ভেঙে গেছে। তাঁকে নলের সাহায্যে খাওয়াতে হচ্ছে।
ইউপি নির্বাচন-পরবর্তী ওই হামলার ঘটনায় আলমের স্ত্রী ইয়াসমিন গজারিয়া থানায় ২০ জনের নাম উল্লেখ করে গত ১৭ জুন একটি মামলা করেছেন। তবে গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এজাহারে জাহাঙ্গীর আলমকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে।
হামলার ব্যাপারে মতু মিয়া বলেন, ১৪ জুন গোসল সেরে বাইরে কাপড় শুকাতে বের হওয়ার সময় দেখেন, পাঁচ-সাতজন ছেলে তাঁর ভাইয়ের ছেলেকে টেনে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। তিনি তখন তাদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর ৬০-৭০ জন নারী-পুরুষ বাড়িতে হামলা চালায়। একজন রামদা দিয়ে তাঁকে (মতু মিয়া) কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান।
হামলার জন্য মতু মিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ায় প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের রোষানলে পড়ার কথা জানান। মতু বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি, হেইডাই দোষ। কালা জাহাঙ্গীর এইগুলা করছে।’
কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হামলায় তাঁদের গ্রামেরই জাহাঙ্গীর আলম মাতব্বর ওরফে কালা জাহাঙ্গীর জড়িত। তিনি হোসেন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল হককে হারানোর জন্য বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক ও জাহাঙ্গীর জোটবদ্ধ হন। হামলার শিকার পাঁচ-সাতটি পরিবার নির্বাচনে পরাজিত প্রার্থীকে সমর্থন জানায়।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আরেকজন গ্রামের সুমন। পেশায় তিনিও জেলে। তাঁর থাকার টিনের ঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করেছে দুর্বৃত্তরা। খুলে ফেলেছে ঘরের চালটিও। ঘরের টেলিভিশনসহ অন্যান্য আসবাব ভাঙচুর করা হয়েছে।
সুমনের ঘরের পাশেই তাঁর বড় ভাই বাচ্চু মিয়ার ঘর। বাচ্চু মিয়ার বাড়ির পেছন থেকে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখান থেকে ঘরে ঢুকে আসবাব ভাঙচুর ও লুট করে। এ সময় গ্রামের একজন মধ্যবয়সী নারী বাধা দিতে এলে দুর্বৃত্তরা তাঁর পায়ে কোপ দেয় বলে জানান গ্রামবাসী।
বাচ্চু মিয়া অভিযোগ করেন, হামলার জন্য যাঁদের নামে মামলা করা হয়েছে, তাঁরা সবাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, নিজাম, মোরসালিন, শাকিল, নূরী—সবাই মামলার প্রথম সারির আসামি। তাঁরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং নানা ধরনের হুমকি দিচ্ছেন।
হামলা প্রসঙ্গে সুমন অভিযোগ করেন, তাঁরা নির্বাচনের সময় বাঁশের কাঠামো দিয়ে একটি নৌকা বানিয়েছিলেন। সে জন্য ঘরে হামলা হয়েছে।
সুমন ও বাচ্চুদের বাড়ির পাশে কয়েকটি দোকান। সেখানে একটি দোকানেও তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে পরাজিত প্রার্থী মনিরুল হক বলেন, তিনি নিজেই জানের ভয়ে আছেন। যাঁরা এলাকায় থাকতে পারছেন না, তাঁদের তিনি ঢাকাসহ অন্যত্র পাঠানোর ব্যবস্থা করছেন। তাঁর একার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব নয়।
পুলিশের বিরুদ্ধে আসামি না ধরার অভিযোগ অস্বীকার করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ‘হামলার বিষয়ে একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।’
অভিযোগ প্রসঙ্গে হোসেন্দী ইউপির চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, ‘এগুলো ভুয়া কথা। জাহাঙ্গীর হলো সাধারণ একজন বিএনপির কর্মী। মিঠুদের সঙ্গে বিএনপির থানা-জেলার সব নেতা ঘোরে। তখন বিএনপির নাম-গন্ধ নাই। এখন জাহাঙ্গীর আমার নির্বাচন করেছে। এ জন্য ও আমার লোক হয়ে গেল। তারা নিজেদের বাড়ি নিজেরা ভাঙচুর করে এখন আমার নামে দোষ দিচ্ছে।’
এদিকে অভিযোগ সম্পর্কে জানতে জাহাঙ্গীর আলম মাতব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিক দিন ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।