ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি ফিলিং ষ্টেশনের গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হারুনুর রশিদ নামে আরও একজন মারা গেছে।
তিনি একজন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ফেনী সদর উপজেলার মটবি ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজন মারা গেল এবং বিস্ফোরণে দ্গ্ধ আরও পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২২ জুন ছাগলনাইয়ায় সিএনজি ফিলিং স্টেশনের মেরামতকাজের সময় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ১০ জনকে ওই দিনই ফেনী সদর হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকালে মারা গেছেন ওই গ্যাস ফিলিং ষ্টেশনে যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান টাইডেনের উপসহকারী প্রকৌশলী মামুন চৌধুরী। তার আগে গত শুক্রবার বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের উপসহকারী প্রকৌশলী ওয়াসিম আলী, বৃহস্পতিবার স্থানীয় সিএনজি অটোরিকশাচালক নুরুল আলম এবং ঘটনার রাতে বাখরাবাদের টেকনিশিয়ান রফিকুল ইসলাম মারা গেছেন।