আরও ১ জনের মৃত্যু, ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোস্তম (৪৫) নামে আরও ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪-এ। ১২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
দিনাজপুরের যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও ১৫ জন শ্রমিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এঁরা হলেন রঞ্জিত (৫০), মুকুল (৪৫), মুন্না (৩২), শরিফুল (১৯), উদয় চন্দ্র (২২), দুলাল (৩৫), সাইদুল (৪০), বীরেন্দ্র (৫০), মাজেদুল (৩৫), শফিকুল (৪৫), এনামুল (৪৫), দেলোয়ার (৫০), বাদল (৩৬), আনিসুল (৪৫), মনোরঞ্জন (৩৬)।
বার্ন ইউনিটের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক মারুফুল ইসলাম নতুন করে ১ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন ১২ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। কেননা, তাঁদের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ ঝলসে গেছে।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, বার্ন ইউনিটে দগ্ধ ব্যক্তিরা যন্ত্রণায় ছটফট করছেন। সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। সবার শরীর ব্যান্ডেজে মোড়ানো। বার্ন ইউনিটের ভেতর ও বাইরে এখনো মেঝেতে শুয়ে-বসে থাকতে দেখা যায় রোগীর স্বজনদের।
দগ্ধ আনিছুরের পাশে থাকা তাঁর ভাই মনসুর বলেন, ‘আমার ভাইটা এত কষ্ট পাচ্ছে। কিন্তু এখানে আমার কিছুই করার নেই।’
দগ্ধ দেলোয়ার শয্যায় ছটফট করছেন। আর বিড় বিড় করে কী যেন বলছেন, তা বোঝা যায় না। পাশে থাকা তাঁর ভাগনে আমিনুর বলেন, সারাক্ষণই এমন করে। এ কথা বলতে বলতে ভাগনের চোখ বেয়ে পানি গড়ায়। মুহূর্তেই সেখানকার পরিবেশ পাল্টে যায়। আর কথা বলার পরিবেশও থাকে না। বার্ন ইউনিটের প্রায় প্রতিটি শয্যায় এমন চিত্র চোখে পড়ল।
বার্ন ইউনিটের দায়িত্বে নিয়োজিত সহকারী অধ্যাপক মারুফুল ইসলাম বলেন, দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার কোনো ত্রুটি করা হচ্ছে না। সর্বাত্মক সেবা দেওয়া হচ্ছে।