
শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনে অংশ নেওয়া আরও ১০ জন শিক্ষক গতকাল শুক্রবার অসুস্থ হয়েছেন। এ নিয়ে ১১ দিনের অনশনে দেড় শতাধিক শিক্ষক অসুস্থ হলেন।
বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এই অনশনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। দাবি পূরণে আজ শনিবার ও কাল রোববার সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে লিয়াজোঁ ফোরাম।
১০ জানুয়ারি থেকে অবস্থান এবং ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারী। অসুস্থ হওয়া শিক্ষকদের অনেককে হাসপাতালে নেওয়া হচ্ছে। কেউ কেউ অনশনস্থলেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন।
এর আগে গত বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে বৈঠক করে। তবে কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। বুধবারও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের নিষ্ফল বৈঠক হয়। শিক্ষকেরা বলেছেন, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের অনশন চলবে।
বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যুগ্ম আহ্বায়ক জি এম শাওন বলেন, ‘আশা করছি শনিবার (আজ) কোনো ইতিবাচক সাড়া পাব। প্রতিমন্ত্রী বলেছেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে জানাবেন।’
প্রাথমিক শিক্ষকদের অনশন
জাতীয় প্রেসক্লাবের সামনের আরেক পাশে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গতকাল ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করেছেন। অনশনে গতকাল ১০ জন শিক্ষক অসুস্থ হন। এ নিয়ে মোট ৫১ জন শিক্ষক অসুস্থ হলেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।