আরও ১০ জনকে অব্যাহতি দিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে আরও ১০ জনকে আদালত অবমাননার অভিযোগের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এ নিয়ে ৪৯ বিবৃতিদাতার মধ্যে ২৪ জনকে আদালত অবমাননার অভিযোগের কার্যক্রম থেকে অব্যাহতি দিলেন ট্রাইব্যুনাল। গতকালের আগে ১৪ জন বিবৃতিদাতাকে অব্যাহতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল। বাকি ২৫ জন বিবৃতিদাতাকে তাঁদের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য ১৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। ওই দিন যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর বিষয়েও পরবর্তী আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
গতকাল অব্যাহতি পাওয়া ১০ জন হলেন পারভীন হাসান, আলী রিয়াজ, তাহমিমা আনাম, নূর খান, ফস্টিনা পেরেরা, সেউতি সবুর, ফিরদৌস আজিম, সামিয়া হক, মহিউদ্দিন আহমেদ ও সারাহ শাহাবুদ্দিন।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ জন নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতির ওপর ভিত্তি করে ২০ ডিসেম্বর প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন। পরে ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে ৪৯ জন বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা জানতে চান। ২৭ জানুয়ারি ৪৯ জন বিবৃতিদাতার মধ্যে ১৪ জন ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান।