পিলখানা হত্যা মামলায় আরও ১০ জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতে তাঁরা এ সাক্ষ্য দেন। এই নিয়ে এ পর্যন্ত ২৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। মাঝে বিরতি দিয়ে তা বেলা আড়াইটায় শেষ হয়। সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক ২৭ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেন। গতকাল আদালতে চিকিৎসক লে. কর্নেল এ এইচ এম সাঈদ ও তাঁর স্ত্রী নাজমুন নাহার বেগম, বিডিআর কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট আফিসার আকমল ও কমল কান্তি দাস, ল্যান্স করপোরাল মো. খবির উদ্দিন, নায়েক (অব.) মাহতাব আলী, সিপাহি মো. তরিকুল ইসলাম, সিপাহি হোসেন সরকার, নায়েক সিগন্যাল আবদুর রাজ্জাক ও নিহত কর্নেল শওকত ঈমামের আত্মীয় ইলিয়াস শাহ সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। সাক্ষী এ এইচ এম সাঈদ আদালতে জানান, দরবার হলে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের দোতলা থেকে লাফ দিয়ে দেয়াল টপকে হাজারীবাগ এলাকায় আশ্রয় নেন। পরে তাঁর স্ত্রী চিকিৎসক নাজমুন নাহার বেগম মুঠোফোনে তাঁকে জানান, নায়েক গোলজার, সিপাহি আবুল কালাম আজাদ, তাঁর ব্যক্তিগত রানার সিপাহি মনোজিত সরকার, নায়েক সুবেদার ইদ্রিছ এবং এনসি লুকাস মাদ্রি তাঁর বাসার দরজা ভেঙে ৭২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও একটি ক্যামেরা লুট করে নিয়ে গেছে।এ এইচ এম সাঈদের স্ত্রী নাজমুন নাহার বেগম আদালতে একই কথা উল্লেখ করেন। সাক্ষী ওয়ারেন্ট অফিসার আকমল নিহত সিপাহি রাশেদের, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কোমল কান্তি দাস কর্নেল মুজিবের, ল্যান্স করপোরাল মো. খবির উদ্দিন কর্নেল আজিজের ও ইলিয়াস কর্নেল শওকত ঈমামের লাশ শনাক্ত করেন বলে আদালতকে জানান।মামলার অপর সাক্ষী নায়েক (অব.) মাহাতাব আলী আদালতকে জানান, সেদিন তিনি ল্যান্সনায়েক মনিরুজ্জামান, হাবিলদার মিজানুর রহমান, সিপাহি জাকির হোসেন, হাবিলদার আবদুস সালাম, সিপাহি আমিনুর রহমান, হাবিবুর রহমান ও মিজানুর রহমানকে অস্ত্র নিয়ে উত্তেজিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। সাক্ষী সিপাহি মো. তরিকুল ইসলাম বলেন, পিলখানায় অন্য বিদ্রোহীদের সঙ্গে সিপাহি আবদুল হামিদ, হাবিলদার এমদাদুল হক ও মো. আবদুস সালামকে গুলি করতে করতে দরবার হলের দিকে যেতে দেখেন। অপর সাক্ষী সিপাহি হোসেন সরকার আদালতকে জানান, সেদিন তিনি সিপাহি দেলোয়ার হোসেন ও অসীম কুমার কুণ্ডকে সদর সেক্টরের সৈনিক লাইনের সামনে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখেছিলেন।