নির্বাচন-পরবর্তী সহিংসতা: পঞ্চগড় ও জামালপুরে দুই সাংসদের উপস্থিতিতে হামলা
আরও ১০ জেলায় নাশকতা
নির্বাচন-পরবর্তী সহিসংতা চলছেই। জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হচ্ছে বসতঘর-দোকানপাট। চলছে ভাঙচুর, লুটপাট, সংঘর্ষও। আরও ১০টি জেলায় সহিংসতা ও নাশকতার খবর পাওয়া গেছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাংসদ মো. নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বিএনপি ও জামায়াত-সমর্থক ব্যবসায়ীদের দোকানপাট ও বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। জবাবে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরাও আওয়ামী লীগ-সমর্থকদের দোকানপাটে ভাঙচুর চালান। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ীতেও স্থানীয় সাংসদের উপস্থিতিতে ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে। সাংসদ মুরাদ হাসানের উপস্থিতিতে আওয়ামী লীগের লোকজন বিএনপি-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ভাঙচুর চালান।
সাংসদদের উপস্থিতিতে তাণ্ডব: পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গত সোমবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার সোনাহারহাটে যান। সেখানে তাঁরা বিএনপি ও জামায়াত-সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট চালান। এরপর একই ইউনিয়নের ময়দানেরহাটে হামলা চালিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের আরও ৫০-৬০টি দোকানে ভাঙচুর চালানো হয়। সেখান থেকে ফিরে আসার পথে বিএনপি-সমর্থক সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিমুল ইসলামের বাড়িতে হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ওই বাড়ির কাজের লোক নাজিমউদ্দিনকে জবাই করার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে বাড়ির অন্যদেরও মারধর করা হয়। ইউপি চেয়ারম্যান পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান।
এ হামলা-ভাঙচুরের পর বিএনপি-জামায়াতের সমর্থকেরা সংগঠিত হয়ে রাতভর লাঠিসোঁটা নিয়ে নিজেদের বাড়িঘর পাহারা দেন। তা ছাড়া আওয়ামী লীগ-সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। পরে যৌথ বাহিনী গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
সাংসদের উপস্থিতিতে ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কয়েক শ নারী-পুরুষ সোনাহার আলমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনভর বিক্ষোভ করেন। তাঁরা সাংসদের বিচার, মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেন। পরে জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে কাউকে পুলিশ হয়রানি করবে না মর্মে আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।
সোনাহার ইউনিয়নের গ্রাম পুলিশ মমতাজ আলী জানান, সাংসদের উপস্থিতিতে ছুরি, রামদা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপি-জামায়াতের সমর্থকদের দোকানপাটে ভাঙচুর চালানোর পর পরিস্থিতি বদলে যায়। শেখপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) তাঁর আঙুলে কালির ছাপ দেখিয়ে বলেন, ‘নৌকায় ভোট দিয়েছি। এমপির নেতৃত্বে এমন কাজ করা উচিত না।’
সোনাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক দাবি করেন, বিএনপি ও জামায়াত-সমর্থকদের দোকানপাটে হামলার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নন।
যোগাযোগ করা হলে সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিএনপি ও জামায়াত-সমর্থকদের হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ-সমর্থকদের দোকানপাট, বাড়ি দেখতে গিয়েছিলাম। এসব ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নয়।’
দেবীগঞ্জ থানার ওসি ভবানী কান্ত রায় জানান, এসব ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
এদিকে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদের পক্ষে কাজ না করায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর তেঁতুলতলায় বিএনপি-সমর্থক চার ব্যবসায়ীর দোকানে গতকাল দুপুরে ভাঙচুর চালান আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ মুরাদ হাসান। হামলায় তেঁতুলতলার সুরুজ্জামানের খাবার হোটেল, সুজন মিয়ার পোলট্রি মুরগির দোকান, লাজু তালুকদারের মনিহারি দোকান ও জুলহাস মিয়ার পেট্রলের দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খাজা বাবা ফরিদপুরী হোটেলের মালিক সুরুজ্জামান বলেন, ‘লাঙ্গলের প্রার্থীর পক্ষে কাজ না করায় সাংসদ মুরাদের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী আমার হোটেলে ভাঙচুর করেছে।’ মুঠোফোন না ধরায় এ ব্যাপারে সাংসদ মুরাদ হাসানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংঘর্ষ: মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থী সিরাজুল আকবর ও পরাজিত প্রার্থী যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে গতকাল সকালে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আটজন আহত হন। এ ছাড়া সদর উপজেলার কুকনা গ্রামেও ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, সেখানে আহত হন চারজন।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলট ফার্ম এলাকায় আওয়ামী লীগ-সমর্থক খায়রুল বশর বাবুলের বাড়িতে সোমবার সন্ধ্যায় হামলা চালান বিএনপির কর্মীরা। এ ঘটনার পর ব্রিকফিল্ড এলাকা ও শনটিলায়ও আওয়ামী লীগ-সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হন।
পানছড়ি থানার ওসি আব্দুস সালাম মোড়ল জানান, বাড়িতে হামলার ঘটনায় খায়রুল বশর বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মানিকছড়ি উপজেলার মনিপাড়া ও সাপমারা এলাকায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন।
বাড়িঘর-দোকানপাটে আগুন: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফখরুদ্দিন ও ছাত্রলীগের কর্মী মিনহাজের বাড়িতে গতকাল দুপুরে আগুন দেন জামায়াত-শিবিরের লোকজন। পরে গ্রামবাসী ও আওয়ামী লীগের লোকজন সংঘবদ্ধ হয়ে একই গ্রামের বিএনপি-জামায়াত সমর্থক হারুন সওদাগর, মামুন আলী, মরতুজা আলী, মোস্তফা আলী ও ছৈয়দ নূরের বাড়ি পুড়িয়ে দেন। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন।
এদিকে চাম্বল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমকে সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের যুবলীগ নেতা ও তাঁত ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে সোমবার গভীর রাতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি ঘরে আগুন লেগে কয়েক হাজার টাকার তাঁতসামগ্রী পুড়ে যায়।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছ আহমদ তালুকদারের বাড়ির একটি লাকড়ির ঘরে ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা সাখায়াত হোসেনের মুদি দোকানে সোমবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজনৈতিক প্রতিপক্ষরা এ আগুন দেয় বলে সাখায়াত হোসেন অভিযোগ করেন।
মামলা: বরগুনার আমতলীতে সোমবার নির্বাচন-পরবর্তী সহিংসতায় আমতলী থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাকসুদা আকতার বাদী হয়ে আমতলীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ ২০ জনকে আসামি করে সোমবার রাতে একটি মামলা করেন। একই রাতে পৌর মেয়র মতিয়ার রহমানের বড় বোন ফিরোজা বেগম বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আমতলী ইউপির চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধাসহ ১৭ জনকে আসামি করে অপর একটি মামলা করেন। স্বতন্ত্র প্রার্থী (মোরগ) ও বিএনএফ প্রার্থীর (টলিভিশন) সমর্থকদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালালে ওই সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হন।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।