কুড়িগ্রামের রাজীবপুরে সীমান্ত হাটে (বর্ডার হাট) নতুন করে আরও ১০টি পণ্য কেনাবেচার অনুমোদন দেওয়া হয়েছে। বর্ডার হাটে গত সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় হাটের নানা সমস্যা, নতুন করে আরও কিছু পণ্যসামগ্রী ও উৎপাদিত এলাকা বাড়ানোর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ডিসি খান মো. নুরুল আমিন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ওয়েস্ট হিলের ডেপুটি কমিশনার রাম সিং।
হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খান বলেন, সীমান্ত হাটের যাত্রা শুরুর সময় উভয় দেশের ২০টি করে স্থানীয় পণ্যসামগ্রী কেনাবেচার অনুমোদন ছিল। সোমবারের বৈঠকে আরও ১০টি পণ্য বাড়ানো হয়। একই সঙ্গে একজন ক্রেতা আগে কিনতে পারতেন ১০০ ডলারের পণ্য। এখন সেটা বাড়িয়ে ১৫০ ডলার করা হয়েছে। হাটের আশপাশের ৫ কিলোমিটারের মধ্যে উৎপাদিত পণ্যসামগ্রী হাটে বেচাকেনা করা যেত। এখন সেটা বাড়িয়ে ১০ কিলোমিটার করা হয়েছে।