ব্যাংকিং খাতে সবচেয়ে বড় কেলেঙ্কারি হল-মার্ক জালিয়াতির ঘটনায় আদালতে ৩৮টি মামলার মধ্যে আরও ১০টিতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ এতে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে৷ এর মধ্যে সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তা এবং হল-মার্কের সহযোগী তিন প্রতিষ্ঠানের ১০ জন রয়েছেন৷
গতকাল রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক ও মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শিবলী৷ এর আগে তিনি রমনা থানায় অভিযোগপত্রের অনুলিপি জমা দেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন৷
যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, দুই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মোহাম্মদ সফিজ উদ্দিন আহমেদ, দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হোসেন খান ও এজাজ আহমেদ৷ এ ছাড়া ব্যাংকের জিএম অফিসের মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান এবং ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান, এক্সিকিউটিভ অফিসার মো. আবদুল মতিনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া হল-মার্কের সহযোগী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিটের এমডি মো. সাইফুল ইসলাম রাজা, পরিচালক আবদুল্লাহ আল মামুন, মো. মকবুল হোসেন, ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, এমডি শফিকুর রহমান জন, পরিচালক ফাহমিদা আক্তার শিখা এবং খান জাহান আলী সোয়েটারের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, এমডি আবদুল জলিল শেখ, মো. রফিকুল ইসলাম, পরিচালক মীর মো. শওকত আলীকে আসামি করা হয়েছে৷
এসব আসামির বিরুদ্ধে মোট ১৮ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে৷
গত মাসের প্রথম সপ্তাহে কমিশন এই ১০ মামলার অভিযোগপত্র দাখিলের অনুমতি দেয়।
এর আগে হল-মার্ক কেলেঙ্কারির স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের ঘটনায় হল-মার্কের বিরুদ্ধে ১১ মামলার অভিযোগপত্র দেওয়া হয়৷ এসব মামলায় আসামিদের মধ্যে এ পর্যন্ত হল-মার্কের এমডি তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলাম, পরিচালক তুষার আহমেদ ও সোনালী ব্যাংক রুপসী বাংলা শাখার ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, জিএম শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে৷
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে শুধু তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকার মধ্যে হল-মার্ক গ্রুপ একাই জালিয়াতি করেছে দুই হাজার ৬৬৭ কোটি টাকা৷