আরও ১০ মামলায় ২১ আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতের দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনার ২৭টি মামলার মধ্যে ১০ মামলার অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার অভিযোগপত্রে ২১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তা এবং হল-মার্কের সহযোগী তিন প্রতিষ্ঠানের ১০ কর্মকর্তা রয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের নিয়মিত বৈঠকে এই ১০ মামলার অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন। তিনি জানান, ২৭টি মামলার মধ্যে ১০টির অনুমোদন দেওয়া হয়েছে, বাকি ১৭টির তদন্ত প্রতিবেদনের যাচাই-বাছাই চলছে।
একের পর এক মামলা হলেও কয়েকজন মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি হুমায়ুন কবির ও উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুব একটা তৎপরতাও নেই। ফলে দায়ী সবাই শাস্তি পাবেন কি না, সেই সন্দেহ রয়ে গেছে।
দুদক সূত্র জানায়, ২১ আসামির মধ্যে আছেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, দুই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মোহাম্মদ সফিজ উদ্দিন আহমেদ এবং দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হোসেন খান ও এজাজ আহমেদ। এ ছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক বা জিএম অফিসের দুই মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান এবং ব্যাংকের হোটেল শেরাটন শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান, এক্সিকিউটিভ অফিসার মো. আবদুল মতিন রয়েছেন।
হল-মার্কের পাঁচ সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে এই মামলাগুলোর মধ্যে তিন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এসব মামলায় প্যারাগন নিট কম্পোজিটের এমডি মো. সাইফুল ইসলাম, পরিচালক আবদুল্লাহ আল মামুন, মো. মকুল হোসেন, ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, এমডি শফিকুর রহমান জন, পরিচালক ফাহমিদা আক্তার এবং খান জাহান আলী সোয়েটারের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, এমডি আবদুল জলিল শেখ, দুই পরিচালক মো. রফিকুল ইসলাম ও মীর মো, শওকত আলীকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।
১০টি অভিযোগপত্রে এই ২১ আসামির বিরুদ্ধে ১৮ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এর আগে হল-মার্ক কেলেঙ্কারির স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থের এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের ঘটনায় ১১ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওই সব মামলায় আসামিদের মধ্যে এ পর্যন্ত হল-মার্কের তানভীর মাহমুদ, তুষার আহমেদ ও জেসমিন ইসলাম এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, জিএম শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে শুধু তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকার মধ্যে হল-মার্ক গ্রুপ একাই জালিয়াতি করেছে দুই হাজার ৬৬৭ কোটি টাকা। এর বাইরে তসলিম হাসানের মালিকানাধীন টিঅ্যান্ড ব্রাদার্স গ্রুপ ৬৮৫ কোটি ৬৩ লাখ, সাইফুল ইসলামের মালিকানাধীন প্যারাগন গ্রুপ ১৪৪ কোটি ৪৪ লাখ, বেগম ফাহমিদা আকতার চৌধুরীর মালিকানাধীন ডিএন গ্রুপ ২৮ কোটি ৫৪ লাখ, আবদুল মালেকের মালিকানাধীন নকশি নিট গ্রুপ ৬৫ কোটি ৩০ লাখ এবং আবদুল জলিল শেখের মালিকানাধীন খান জাহান আলী সোয়েটারসহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়েছে ১৫ কোটি ১২ লাখ টাকা।