আরও ১০ রোহিঙ্গা ভর্তি
মিয়ানমার থেকে সীমান্তপথে অনুপ্রবেশ করে আরও ১০ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে আটজনই গুলিবিদ্ধ। অপর দুজন অগ্নিদগ্ধ। এ নিয়ে আজ সোমবার পর্যন্ত এই হাসপাতালে ১৭ জন রোহিঙ্গা চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সর্বশেষ এই ১০ জন রোহিঙ্গা ভর্তি হন। নতুন ভর্তি হওয়া রোহিঙ্গারা হলেন মামুনুর রশীদ (২৭), নুরুল হাকিম (২৬), শাকের আহমেদ ২৭), সাদেক (২০), জাহিদ হোসেন (২০), নূর সালাম (১৫), পারভেজ (২০), কাশেম (২৭), নূরুল মোমিন (২২) ও জুনায়েদ (১৫।
আহত ব্যক্তিদের মধ্যে জাহিদ ও সাদেক অগ্নিদগ্ধ। তাঁদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দুজনেরই শরীরের ১৫ ভাগ করে পুড়ে যায় বলে চিকিৎসকেরা জানান। জাহিদের দুই হাত, বাঁ পা, গলা ও মুখমণ্ডল এবং সাদেকের ডান হাত, গলা ও মুখমণ্ডল পুড়ে যায়।
জহিদ বলেন, বৃহস্পতিবার রাতে তাঁদের ঘরে আগুন লাগিয়ে দিলে তাঁরা অগ্নিদগ্ধ হন। শুক্রবার তাঁরা সমুদ্রপথে সীমান্ত পাড়ি দিয়ে কুতুপপালং ক্যাম্পে আসেন।
সাদেকের সঙ্গে এসেছেন তাঁর মা রহিমা খাতুন। তিনি বলেন, বৃহস্পতিবার তাঁর ছেলে অগ্নিদগ্ধ হন। এ সময় তিনি (রহিমা) ঘরের বাইরে ছিলেন।
নিউরো সার্জারি বিভাগে ভর্তি হয়েছে কিশোর জুনায়েদ। তাঁর বাবা ইদ্রিস বলেন, ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়েছে ছেলে। এরপর অনেক পথ হেঁটে দোলনাযোগে ছেলেকে নিয়ে সীমান্ত পাড়ি দেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সোমবার বিকেলে জানান, রোববার রাত থেকে এখন পর্যন্ত আরও ১০ রোহিঙ্গা ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ১৭ জন চিকিৎসা নিচ্ছে।