আরও ১০ হাজার নার্স নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা নিতে বিদেশে যাওয়ার ব্যাপারে নিজের অনীহা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অসুস্থ হলে এখন থেকে তিনি গাজীপুরে শেখ ফজিলাতুননেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেবেন। শিগগিরই আরও ১০ হাজার সেবিকা নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে গাজীপুর জেলার কাশিমপুরের তেঁতুইবাড়ীতে শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘নার্সরা সেবা দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন। এ পেশাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নার্সিংয়ে এখন স্নাতক, মাস্টার্স, পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমরা সেবার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে আরও হাসপাতাল গড়ে উঠতে আমরা সুযোগ করে দিয়েছি।’
স্বাস্থ্যসেবা নিতে প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে বলেন, তিনি নিজে অসুস্থ হলেও এই হাসপাতালে চিকিৎসা নেবেন। তিনি হাসপাতালের সামনের সড়কে একটি আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের শয্যাসংখ্যা পর্যায়ক্রমে ৫০০তে উন্নীত করা হবে এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্টের বরাত দিয়ে তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ ১০ জন সেবিকাকে বিনা মূল্যে মালয়েশিয়ায় উচ্চতর প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মোদাচ্ছের আলী, মালয়েশিয়া কেপিজে হেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আবদুল সাতার প্রমুখ।
নার্সিং কলেজের জনসংযোগ কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, ২০১৩ সালের ১৮ নভেম্বর ওই কলেজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা।
সড়কে যানজট: প্রধানমন্ত্রীর ঢাকা থেকে গাজীপুরে যাওয়া-আসাকে কেন্দ্র করে কালিয়াকৈর-নবীনগর সড়কে গতকাল বুধবার কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। এতে ওই সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাকির হোসেন জানান, প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার কারণে সাভারের নবীনগর ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত যানবাহন চলাচল বেশ কিছু সময় বন্ধ রাখা হয়। তবে দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।