দেশবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে আরও ১০ হাজার সেবিকা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্নাতকোত্তর নার্সিং শিক্ষায় একটি উচ্চতর প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণাও দিয়েছেন তিনি।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (আগস্ট ১-৭) উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকার পূর্ব ও পশ্চিম অংশে আরও দুটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। খবর বাসস ও ইউএনবির।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ছয় হাজার ২২১ জন সহকারী সার্জন বৃহস্পতিবার কাজে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোগীদের সঙ্গে সেবিকাদের শোভন আচরণ না করার বিষয়ে মাঝেমধ্যে অভিযোগ পাওয়া যায়। তবে এটা বিবেচনা করতে হবে, সেবিকারা ভীষণ চাপের মধ্যে কাজ করেন। তিনি সব অফিস, বাস-রেলস্টেশন-লঞ্চঘাট, শপিংমলসহ জনসমাগমস্থলে বাচ্চাদের মায়ের দুধ পান করানোর ‘কর্নার’ স্থাপনে পদক্ষেপ গ্রহণ এবং মাতৃদুগ্ধ (বিপণন নিয়ন্ত্রণ), ২০১৩ আইন যথাযথভাবে প্রয়োগের নির্দেশ দেন।
‘সার্ক সম্পর্ক জোরদার হবে’: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, নেপালে জলবিদ্যুৎ উৎপাদন ও এর বিপণনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। সফররত নেপালের জ্বালানিমন্ত্রী রাধা কুমারী গাওয়ালী গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নেপালের কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারে অথবা নেপালের জলবিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে পারে।
মুসলিম বিশ্বের প্রতি আহ্বান: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আরব লিগের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের ভূমিকারও সমালোচনা করে বলেন, বিশ্ব সংস্থা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ইরানের পার্লামেন্টের চার সদস্যের একটি নারী প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করার সময় তিনি এ কথা বলেন।