আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত। মিয়ানমারের রাজধানী নেপিডোতে গতকাল মঙ্গলবার তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনের বাইরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ-সংক্রান্ত নিশ্চয়তা দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর বাসস ও ইউএনবির।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, দুই নেতা বিদ্যুৎ খাত, বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের মধ্যে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশের অর্থনীতিতে বিদ্যুৎ সরবরাহ খুবই জরুরি।
এ প্রসঙ্গে শেখ হাসিনা আগামী দিনগুলোতে বিদ্যুৎ খাতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে মনমোহন সিংয়ের প্রতি অনুরোধ জানান। তিনি বাংলাদেশের গ্রিডলাইনে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করতে মনমোহন সিংয়ের বিশেষ দৃষ্টি কামনা করেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানের জবাবে মনমোহন সিং তাঁকে বিষয়টিতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দেন।
বৈঠকে মনমোহন বলেন, ভারত বিশ্বাস করে, নিরবচ্ছিন্ন গণতন্ত্রচর্চার মাধ্যমে এই অঞ্চলের বিপুলসংখ্যক পরিশ্রমী মানুষের ভাগ্য পরিবর্তিত হবে। তিনি দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ জনগণের ভাগ্যোন্নয়নের প্রচেষ্টার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দশম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
মনমোহন সিং শেখ হাসিনাকে বলেন, বাংলাদেশ কেবল ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, বরং দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু। তিনি আশ্বাস দেন, ভারত বিদ্যুৎ খাতের পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগের ক্ষেত্রেও একত্রে কাজ করবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসবাদকে এই অঞ্চলের অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করেন এবং দক্ষিণ এশিয়া থেকে এসব ভীতি নির্মূলে একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসবাদমুক্ত দেখতে চায় এবং এ ক্ষেত্রে একত্রে কাজ করতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত স্থলসীমান্ত চুক্তি বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, ভারতীয় আইনপ্রণেতাদের অনুমোদনের মাধ্যমে ৪০ বছরের অমীমাংসিত ইস্যুর সমাধান হবে।
শেখ হাসিনা উল্ল্লেখ করেন, বাংলাদেশ তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্রসচিব শহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ও পররাষ্ট্রসচিব সুজাতা সিং।
রাজাপক্ষে ও কৈরালার সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রী গতকাল বিমসটেক শীর্ষ সম্মেলনের বাইরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এবং নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও পৃথক বৈঠক করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল রাতে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন।