আরও ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল্লাহ ওরফে বাচ্চু হত্যা মামলা থেকে অভিযোগপত্রভুক্ত আরও ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সুপারিশ পাঠিয়েছে।যেসব আসামির নাম এ মামলা থেকে প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন: পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী, জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন, রেজাউল করিম, মো. হেলাল, আবদুর রাজ্জাক, মাসুদ আহম্মেদ, কৃষক লীগের নেতা মোতাহার হোসেন, আবদুল মান্নান ও পাবনা পৌরসভার কমিশনার সাইদুর রহমান একরাম।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত সুপারিশপত্রটি গত ২৩ ফেব্রুয়ারি এ কার্যালয়ে পৌঁছায়। সুপারিশপত্রে ১৮৯৮ অ্যাক্টের ৪৯৪ ধারায় উল্লিখিত আসামিদের বিরুদ্ধে বিচারকার্যক্রম (প্রসিকিউশন) না চালানোর অনুরোধ করা হয়েছে।পাবনার সরকারি কৌঁসুলি (পিপি) বেলায়েত আলী বলেন, ‘আমরা সুপারিশপত্রটি হাতে পেয়েছি। মামলার পরবর্তী শুনানির দিনে এটি আদালতে উপস্থাপন করা হবে।’মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার টেবুনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের নেতা শেখ শহিদুল্লাহ ওরফে বাচ্চু নিহত হন। এ ঘটনায় ওই সময় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ২০০৫ সালের ২২ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, পাবনা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুর রহমানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।জানা গেছে, ২০০৬ সালে বিএনপির নেতা জহুরুল ইসলাম ও গত বছরের ১২ জানুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক মামলা উল্লেখ করে এ মামলা থেকে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের নাম প্রত্যাহার করা হয়।