আরও ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশ গ্রহণ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর চেয়ারম্যান শেখ শহিদুল্লাহ ওরফে বাচ্চু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরও ১১ আসামির নাম মামলা থেকে প্রত্যাহারের সুপারিশ গ্রহণ করেছেন আদালত। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের বিরুদ্ধে মামলা না চালানোর সুপারিশ করলে গতকাল রোববার জেলা জজ আদালত ওই সুপারিশ গ্রহণ করেন।মামলা থেকে যাঁদের নাম প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন: পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী, আনোয়ার হোসেন, চপল, মাসুদ আহম্মেদ, মো. হেলাল, ফিরোজ হোসেন, আবদুর রাজ্জাক, মো. মনা ও মোতাহার হোসেন।পাবনার সরকারি কৌঁসুলি (পিপি) বেলায়েত আলী বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত সুপারিশপত্রটি আমাদের হাতে এলে তা আদালতে উপস্থাপন করা হয়। কয়েক দফা শুনানি শেষে জেলা দায়রা জজ আদালতের বিচারক নূরুন্নাহার ওসমানী ওই সুপারিশ গ্রহণ করেন।’মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ১৯৯৭ সালের ৪ এপ্রিল সদর উপজেলার টেবুনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের নেতা শেখ শহিদুল্লাহ নিহত হন। এ ঘটনায় ওই সময় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়। ২০০৫ সালের ২২ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম, আবদুল লতিফ বিশ্বাস, জহুরুল ইসলাম, আজিজুর রহমানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে ২০০৬ সালে জহুরুল ইসলাম ও গত বছর মো. নাসিমের নাম মামলা থেকে প্রত্যাহার করা হয়।