আরও ১২৫ অভিবাসী দেশে ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া আরও ১২৫ জন বাংলাদেশি অভিবাসীকে আজ মঙ্গলবার দেশে আনা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল অভিবাসীদের আনতে আজ সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকা দিয়ে মিয়ানমারে যাবে। সেখানকার মংডু জেলার ঢেকিবুনিয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ক্যাম্পে দুই দেশের মধ্যে বৈঠকে ১২৫ জন অভিবাসীকে হস্তান্তর করা হবে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ঘুমধুম সীমান্ত থেকে ১২৫ জন অভিবাসীকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হবে। সেখানে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন।
পুলিশ জানায়, ১২৫ অভিবাসীর মধ্যে ৮০ জন কক্সবাজার এবং বাকি ৪৫ জনের বাড়ি নরসিংদী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায়।
এর আগে ৯ আগস্ট মিয়ানমার থেকে চতুর্থ দফায় ১৫৯ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়।