র্যাবের প্রকাশিত ২৬২ জন নিখোঁজের তালিকায় থাকা আরও ১৩ জনের খোঁজ পাওয়া গেছে গতকাল রোববার। এই নিয়ে গতকাল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ১৩৮ জনের খোঁজ পাওয়া গেল।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের পর গত মঙ্গলবার রাতে নিখোঁজের তালিকাটি প্রকাশ করে র্যাব। এই তালিকায় ঢাকা জেলার আশুলিয়া থেকে নিখোঁজ হিসেবে ১১ জনের নাম রয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির প্রথম আলোকে বলেন, এই ১১ জনের কেউই এখন আর নিখোঁজ নন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তিনি বলেন, তাঁদের মধ্যে আটজন পোশাক কারখানার কর্মী। পারিবারিক কলহের কারণে বিভিন্ন সময়ে রাগ করে বাড়ি ছেড়েছিলেন, পরে ফিরে এসেছেন।
এর বাইরে ঢাকা থেকে ‘নিখোঁজ’ আরও দুজনের সন্ধান পাওয়া গেছে। তাঁদের একজন দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর নাগরমহল এলাকার মো. মোতালেব মিয়া (২৬)। তাঁর অমতে পরিবার বিয়ে ঠিক করায় বাড়ি ছেড়ে চলে গেলে ৩ জুলাই পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
প্রথম আলোর কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, মোতালেবের বড় ভাই মহসিন গতকাল বলেছেন, মোতালেব পুরান ঢাকার ইসলামপুরের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।
আসমা নামের এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ে ঠিক করলে মোতালেব রাগ করে বাসা থেকে চলে যান। আট দিন পর মুঠোফোনে জানান, তিনি রাজশাহী এলাকায় তাবলিগ জামাতে গেছেন। বাসার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মোতালেবের মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে জানা গেছে, তিনি রাজশাহীতে নয়, গাজীপুর এলাকায় অবস্থান করছেন।
আরেক ‘নিখোঁজ’ সিদ্দিক আলীকে গতকাল তাঁর মগবাজারের আমবাগানের বাসায় পাওয়া গেছে। তিনি প্রথম আলোকে বলেন, বাড়ি থেকে রাগ করে পালিয়ে গিয়ে উত্তর বাড্ডার একটি গ্যারেজে কাজ নেন তিনি। তখন পরিবারের লোকজন রমনা থানায় জিডি করেছিলেন। এর তিন দিনের মধ্যেই তিনি বাড়ি চলে আসেন।
এর বাইরে তালিকায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এ এস এম ফারহান হোসেন (২৮) এখনো নিখোঁজ। তাঁর বাবা শাহাদাত হোসেন বলেন, গত বছরের ১১ মে বিকেল পৌনে পাঁচটার দিকে ‘একটু নিচে যাচ্ছি’ বলে একটি ডায়েরি হাতে নিয়ে বের হন ফারহান। তখনো তাঁর কম্পিউটার, ড্রয়ার সব খোলা ছিল। এর এক দিন পর একটি নম্বর থেকে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা পাঠানোর পর থেকে সেই নম্বরও বন্ধ। এরপর ২৩ মে বনানী থানায় অপহরণের অভিযোগে মামলা করেন তিনি। গতকাল পর্যন্ত আর ছেলের খোঁজ পাননি শাহাদাত হোসেন।
ভালোবেসে বিয়ে করেছিলেন সাদমান হোসেন ওরফে পাপন। কিন্তু সেই বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। আর যখন শোনেন তাঁর সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেছে, তখন মানসিকভাবে ভেঙে পড়েন এবং বাড়ি থেকে চলে যান বলে জানিয়েছেন তাঁর বোন মুমতাহিনা মুসকান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভাইয়া মাদকাসক্ত ছিল। তা ছাড়া ভাবির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এটা আরও বেড়ে যায়। সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। গত ১৪ মে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। তিন দিন পর ফোন করে বলে যে সে আর আসবে না। সেই থেকে নিখোঁজ।’