আরও ১৩ শিশুকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া থেকে জ্বরে আক্রান্ত আরও ১৩ শিশুকে গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৫৬ শিশু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানান চিকিৎসকেরা। তাদের এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের হাসপাতালে রাখা হবে।

গতকালের ১৩ জনসহ মোট ৬৯ শিশু এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও ফৌজদারহাটের ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ৩৮ শিশু বিআইটিআইডিতে চিকিৎসাধীন।

চমেক হাসপাতালে রয়েছে ৩১ শিশু। তাদের মধ্যে দুজনকে এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এখানে ভর্তি হওয়া সব শিশু দীর্ঘদিন ধরে মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

গত এক সপ্তাহের মধ্যে জ্বর, কাশি, বমিসহ নানা উপসর্গে ভুগে ত্রিপুরাপাড়ার নয় শিশু মারা যায়। এর মধ্যে গত বুধবার এক দিনেই মারা যায় চার শিশু। কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। আক্রান্ত শিশুদের রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন জানতে আরও ছয়-সাত দিন লাগতে পারে বলে জানান আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়া।

গতকাল বিকেলে চমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, ত্রিপুরাপাড়ার রোগীদের শিশুস্বাস্থ্য বিভাগের আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। চন্দন ত্রিপুরা নামের এক অভিভাবক বলেন, তাঁর মেয়ে এখন সুস্থ। জ্বরও কমে গেছে। হাসপাতাল থেকে ভাত ও অন্যান্য খাবার দিচ্ছে।

অপুষ্টির শিকার ত্রিপুরাপাড়ার শিশুদের হাসপাতালে সুষম খাবারও দেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের উপকর্মসূচি ব্যবস্থাপক এ কে এম সারওয়ার উল ইসলাম সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া পরিদর্শন করেন। তাঁর সঙ্গে সিভিল সার্জন ছিলেন। এই পাড়ার শিশুদের কেন টিকা দেওয়া হয়নি, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে অস্থায়ী ভিত্তিতে একটি টিকাকেন্দ্র করার নির্দেশ দেন তিনি। আগামী সপ্তাহ থেকে এই কেন্দ্র কাজ শুরু করবে।

এদিকে টিকা না দেওয়ার অভিযোগ তদন্তে গঠিত দুটি কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। পৃথকভাবে কমিটি দুটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। সিভিল সার্জনের কার্যালয়ে গঠিত কমিটির প্রধান মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, যথাসময়ে প্রতিবেদন দেওয়া হবে।